আইনের জালে আটকে গেছেন পোলার্ড
চেন্নাইয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলে চলে গেছেন মুম্বাই। সারতে হবে কিছু আনুষ্ঠানিকতা। মুম্বাই ইন্ডিয়ানস চ্যাম্পিয়ন হয়েছে, বোনাস-টোনাসও নিশ্চয়ই পাবেন। সব শেষে কাল রাতেই বাংলাদেশে আসার কথা কাইরন পোলার্ডের। তবে আজকের টি-টোয়েন্টিতে খেলছেন না ত্রিনিদাদের অলরাউন্ডার। ক্লান্তি নয়, পোলার্ড খেলতে পারছেন না আইসিসির নিয়মের কারণে।নিজ দেশের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে না খেললে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও খেলা যাবে না, এই হলো আইসিসির নিয়ম। এবারের ক্যারিবিয়ান টি-টোয়েন্টি হয়েছে গত জানুয়ারিতে, সে সময়ই আবার অস্ট্রেলিয়ায় চলছিল বিগ ব্যাশ টি-টোয়েন্টি। ত্রিনিদাদের হয়ে ক্যারিবিয়ান টি-টোয়েন্টিতে নয়, পোলার্ড সাউথ অস্ট্রেলিয়া রেডব্যাকসের হয়ে খেলেছেন বিগ ব্যাশে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডও পোলার্ডকে চাপ দিতে পারেনি নিজ দেশে খেলার জন্য। কারণ, ক্রিস গেইল ও ডোয়াইন ব্রাভোর মতো তিনিও তো ‘ফ্রি ল্যান্স’ ক্রিকেটার, বোর্ডের চুক্তিতে সই করেননি!পোলার্ডকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল বলেই কিনা, দলে না থাকলেও অলরাউন্ডার ক্রিস্টোফার বার্নওয়েলকে সঙ্গে এনেছিল ওয়েস্ট ইন্ডিজ। বার্নওয়েল ফিরে গেছেন কালই। ওয়ানডে সিরিজে অবশ্য থাকছেন পোলার্ড। তবে আজ যে নেই, বাংলাদেশের জন্য বড় স্বস্তি এটাই। বিস্ফোরক ব্যাটিং, কার্যকরী স্লো মিডিয়াম পেস আর অসাধারণ ফিল্ডিং মিলিয়ে পোলার্ড সবচেয়ে ভয়ংকর তো টি-টোয়েন্টিতেই!