আইনের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছেন বাট-আমির-আসিফেরা !
লর্ডস টেস্টে সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িকভাবে বহিষ্কৃত হয়েছেন অভিযুক্ত এই তিন পাকিস্তানি ক্রিকেটার। তাঁদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগে মামলা করার কথাও চিন্তা করেছিল লন্ডনের মেট্রোপলিটন পুলিশ। কিন্তু পর্যাপ্ত তথ্যপ্রমাণের অভাবে অভিযোগ গঠন করা সম্ভব হবে না বলে শেষ পর্যন্ত ফৌজদারি অভিযোগ থেকে রেহাই পেয়ে গেলেও যেতে পারেন তাঁরা।১৭ সেপ্টেম্বর মেট্রোপলিটন পুলিশ ইংল্যান্ডের বৈধ জুয়াড়িদের সঙ্গে প্রতারণার ষড়যন্ত্রের অভিযোগ এনে এ তিন ক্রিকেটারের বিরুদ্ধে ক্রাউন প্রোসেকিউশন সার্ভিসের (সিপিএস) কাছে একটি প্রাথমিক অভিযোগপত্র জমা দিয়েছিল। কিন্তু মেট্রোপলিটন পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ-সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেবে না বলে জানিয়েছে সিপিএস। যুক্তরাজ্যে কোনো বৈধ জুয়াড়িই একটি নির্দিষ্ট নো বল কোন সময় হবে—এটা নিয়ে বাজি ধরে না। কাজেই লর্ডস টেস্টে যে ধরনের ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে তাতে ব্রিটেনের জুয়াড়িদের প্রতারিত হওয়ার কোনো আশঙ্কা নেই।আবার লর্ডস টেস্টের নো বল নিয়ে একটি ‘সাধারণ ষড়যন্ত্রের অভিযোগ’ গঠন করাও সম্ভব নয়। কিন্তু এ ক্ষেত্রেও অনেক সমস্যার মুখোমুখি হতে হবে লন্ডন মেট্রোপলিটন পুলিশকে। সাম্প্রতিক সময়ে কাউন্টি ক্রিকেটে বাজে বোলিং করার জন্য এসেক্সের বোলার মারভিন ওয়েস্টফিল্ডের বিরুদ্ধে সমর্থক, সতীর্থদের সঙ্গে প্রতারণার ষড়যন্ত্রের অভিযোগে একটি মামলা করা হয়েছিল। তবে আইনি ভিত্তি না থাকার কারণে তার ওপর স্থগিতাদেশ দেওয়া হয়। তাই আইনের ফাঁক গলেই হোক আর যেভাবেই হোক সালমান বাটেরা ফৌজদারি অভিযোগের হাত থেকে বোধ হয় রেহাইই পেয়ে যাচ্ছেন!—মেইল অনলাইন