আইপিএল এবং সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতা নাইট রাইডার্সের এজেন্ট জিৎ ব্যানার্জির ফোন পেয়েছেন, ‘দেখেছ নিলাম?’ ব্যস্ততার কারণে আইপিএল নিলাম দেখা হয়নি বলে জানিয়েছেন সাকিব আল হাসান। তবে এটা গত পরশুর কথা। নিলাম না দেখলেও আইপিএলটা কাল বেশ জীবন্ত হয়ে উঠল সাকিবের কাছে।সকালে অনুশীলনে এসে সতীর্থদের যাঁর সঙ্গেই দেখা হয়েছে, অভিনন্দন আর শুভেচ্ছা পেয়েছেন। তবে শাহাদাত হোসেনের অভিনন্দন জানানোর ধরনটা একটু ভিন্ন হলো। মিরপুরের একাডেমি ভবনে দেখা হতেই ৩ কোটি টাকা দামের সাকিবকে আনন্দে কোলে তুলে নিলেন এই পেসার!বিজ্ঞাপনের শ্যুটিংয়ে ব্যস্ত থাকায় পরশু ধরাছোঁয়ার কিছুটা বাইরে ছিলেন সাকিব। তাঁর আইপিএল-প্রতিক্রিয়া নিয়ে সতীর্থ আর সাংবাদিকদের কৌতূহলটা তাই টিকে ছিল কাল পর্যন্তও। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে সাকিবও জানালেন প্রতিক্রিয়া, ব্যাখ্যা করলেন টাকা-পয়সা ছাড়া আর কী কারণে আইপিএলে খেলাটা গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটারের জন্য, ‘গুরুত্বপূর্ণ এই কারণে যে, এখানে বিশ্বের সব সেরা খেলোয়াড় খেলে। তাদের সঙ্গে খেলার অভিজ্ঞতা অর্জনের সুযোগ হয়।’কাউন্টি ক্রিকেটে খেলেছেন, আইপিএল তাঁর কাছে ক্রিকেটীয় কারণে আর কতই বা গুরুত্বপূর্ণ হবে? তার পরও কিছু নতুনের হাতছানি সাকিব এখানেও দেখছেন, ‘আইপিএলেও নতুন অভিজ্ঞতা হবে, অনেক ভালো খেলোয়াড়ের সঙ্গে কথা হবে। তাদের অভিজ্ঞতা জানা যাবে। এ ছাড়া এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপারও। আমি বিদেশি খেলোয়াড় হিসেবে যাচ্ছি। এক দলে সাত-আটজন করে বিদেশি খেলোয়াড়। খেলবে তো মাত্র চারজন।’এদিক দিয়ে আইপিএলটা অবশ্যই রোমাঞ্চের হাতছানি সাকিবের জন্য। টাকা-পয়সার দিক দিয়েও নয় কি? আইপিএল মানেই অর্থের হাতছানি এবং ক্রিকেটাররা এই টুর্নামেন্টের সঙ্গে সে মায়ার বাঁধনেই বাঁধা। সাকিবকেও বোধ হয় সেখান থেকে আলাদা করা যাবে না। আইপিএল থেকে যদি বাংলাদেশের প্রিমিয়ার লিগের মতো টাকা পেতেন, তা হলে কি এত আগ্রহ বোধ করতেন সাকিব? সাকিবের অকপট উত্তর, ‘অতটা করতাম না।’সাকিব আইপিএলের অভিজ্ঞতা যোগ করার সুযোগ পেয়েছেন বলে জেমি সিডন্সও খুব খুশি। সেটির প্রকাশ অবশ্য একটু ব্যতিক্রমী। সকালে সাকিবের সঙ্গে দেখা হতেই বলেছেন, ‘আমাকে কিছু টাকা ধার দাও।’ টাকা-পয়সার বাইরেও সাকিবের আইপিএলে খেলার উপকারিতা দেখছেন কোচ, ‘ও কাউন্টি খেলেছে...এখন আইপিএল। বৈশ্বিক ক্রিকেট সম্পর্কে ওর একটা ভালো ধারণা হয়ে যাবে।’ সঙ্গে অবশ্য একটা দীর্ঘশ্বাসও ফেললেন কোচ। দীর্ঘশ্বাসটা তামিম ইকবালের জন্য।