আইপিএল-কাণ্ডে বলিউড অভিনেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিন্দু দারা সিং
বিন্দু দারা সিং

আইপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার হওয়া রাজস্থান রয়্যালসের তিন ভারতীয় ক্রিকেটার দিল্লি পুলিশের হেফাজতে রয়েছেন। জুয়াড়িদের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে আজ মঙ্গলবার মুম্বাই পুলিশ গ্রেপ্তার করেছে বলিউডের অভিনেতা বিন্দু দারা সিংকে।
ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের তৃতীয় আসরের বিজয়ী বিন্দু। তিনি প্রয়াত অভিনেতা দারা সিংয়ের ছেলে। আইপিএলে সাম্প্রতিক স্পট ফিক্সিংয়ের ঘটনায় এই প্রথম বলিউডের সঙ্গে সংশ্লিষ্ট কেউ গ্রেপ্তার হলেন।
৪৯ বছর বয়সী বিন্দুকে গ্রেপ্তার করা নিশ্চিত করেছে পুলিশ। তবে এ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। মুম্বাই পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা সত্যনারায়ণ চৌধুরী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘বিন্দু দারা সিংকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর সঙ্গে জুয়াড়িদের যোগাযোগ ছিল। এই মুহূর্তে এর বেশি বলতে পারছি না।’
স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে গত বৃহস্পতিবার ভোরে রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার শ্রীশান্ত, অজিত চান্ডিলা ও অঙ্কিত চাভানকে মুম্বাই থেকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের পাশাপাশি জুয়ার সঙ্গে সংশ্লিষ্টদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে মুম্বাই পুলিশও। এরই মধ্যে বেশ কয়েকজন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ধারণা, স্পট ফিক্সিংয়ের পেছনে অপরাধজগতের অনেকেরই হাত রয়েছে।

ফিক্সিংয়ের শিকড় কতটা গভীরে, সেটার প্রমাণ এরই মধ্যে কিছুটা পাওয়া গেছে। মুম্বাই পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া জুয়াড়িদের একজন রমেশ ভাইয়াস। অপরাধজগতের সম্রাট দাউদ ইব্রাহিমের ভাই আনিস ইব্রাহিম ও বিশ্বস্ত সহকারী সুনীল দুবাইয়ের ঘনিষ্ঠ এই রমেশ।

শ্রীশান্ত-চান্ডিলা-চাভান ছাড়াও দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছে সাবেক রঞ্জি ক্রিকেটার মনীষ বুদেওয়াকে। সাবেক এই ক্রিকেটার ২০০০ সাল থেকে খেলছেন চান্ডিলার সঙ্গে। রাজস্থান রয়্যালসের সঙ্গে মাঝেমধ্যে অনুশীলনও করতেন। মনীষই নাকি চান্ডিলাকে বাজিকরদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পুলিশ বলছে, জড়িত আছে আরও ক্রিকেটার।