আইপিএল তালিকায় এখনো বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত—গুঞ্জনের আকাশে কত জায়গা ঘুরেই না এল এবারের আইপিএল। শেষমেশ থিতু হলো আরব আমিরাত আর নিজভূমি ভারতে। তবে বাংলাদেশে কিছু ম্যাচ হওয়ার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। সেটা নির্ভর করছে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির ওপর।
আইপিএলের ভেন্যু নিয়ে এই দৌড়ঝাঁপ চলছে ভারতের জাতীয় নির্বাচনের জন্য। নির্বাচনের সময় আইপিএলে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, ২০০৯ সালেও পুরো আইপিএল হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। এবার আইপিএল হবে তিন ধাপে। জাতীয় নির্বাচন হবে ৭ এপ্রিল থেকে ১২ মে। ১৬ এপ্রিল থেকে তাই আইপিএলের প্রথম ধাপ হবে আরব আমিরাতে। ১৬টি ম্যাচ হবে সেখানে। দ্বিতীয় ধাপ ১ মে থেকে ১২ মে ভারতেই করার ইচ্ছা আয়োজকদের। তত দিনে অনেকগুলো শহরেই নির্বাচন শেষ হয়ে যাবে। যে শহরগুলোতে নির্বাচন শেষ হয়ে যাবে, সেসব শহরে খেলা চালাতে চায় আইপিএল গভর্নিং কাউন্সিল। অনুমতি চেয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছে আয়োজকেরা। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি অনুমতি না দেয়, তাহলে? কাল এক বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘দ্বিতীয় ধাপ ভারতে আয়োজন করা সম্ভব না হলে বাংলাদেশে হবে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী যথেষ্টই আশাবাদী, ‘আইপিএলের দ্বিতীয় পর্যায় বাংলাদেশে হওয়ার অনেক সম্ভাবনা আছে এখনো। আমরা খুবই আগ্রহী আইপিএল আয়োজনে।’
দ্বিতীয় ধাপ বাংলাদেশে হলে শুধু শেষ ধাপটি হবে ভারতে, চলবে ১ জুন পর্যন্ত। তবে যত বেশি সম্ভব ম্যাচ ভারতে আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে আয়োজকেরা। গত ফেব্রুয়ারিতে আইপিএলের নিলামের পর আইপিএল চেয়ারম্যান রঞ্জিব বিসওয়াল বলেছিলেন, বিদেশে ভেন্যুর ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকাই তাঁদের প্রথম পছন্দ। তবে মাত্র সপ্তাহ দুয়েকের জন্য এত দূরে টুর্নামেন্ট আয়োজন অনেক ঝক্কির ব্যাপার এবং খরচে পোষাবে না বলে দক্ষিণ আফ্রিকার নাম কাটা পড়েছে।
আইপিএলের মাধ্যমেই আরব আমিরাতের সঙ্গে ভারতীয় ক্রিকেটের সম্পর্ক জোড়া লাগছে। আশি-নব্বইয়ের দশকে নিয়মিতই সেখানে খেলেছে ভারত। কিন্তু ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির তোলপাড়ের পর মধ্যপ্রাচ্যকে এড়িয়ে গেছে দেশটি। গত দশকে শুধু একবারই আমিরাতে খেলেছে ভারতীয় দল। ২০০৬ সালে আবুধাবিতে দুটি ওয়ানডে খেলেছিল পাকিস্তানের বিপক্ষে। ওয়েবসাইট।