আইপিএল দুয়ার খুলছে পাকিস্তানিদের জন্য
দীর্ঘ পাঁচ বছর পর এই বছরের ডিসেম্বরেই পাকিস্তানকে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের উন্নয়ন আবার ঘটতে যাচ্ছে বলেই মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। আর ভারতীয় ক্রিকেট বোর্ডের এই পদক্ষেপের ফলে আইপিএলের পরবর্তী আসরে পাকিস্তানি ক্রিকেটারদের অন্তর্ভুক্ত হওয়ারও অনেক সম্ভাবনা তৈরি হয়েছে। পুরো ক্রিকেটবিশ্বের অধিকাংশ তারকা খেলোয়াড়েরা অংশ নিলেও আইপিএলের দ্বিতীয় আসর থেকে এতে অংশ নেওয়ার সুযোগ পাননি পাকিস্তানি ক্রিকেটাররা।আইপিএলের প্রথম আসরে পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে খেলেছিলেন সোহেল তানভীর, কামরান আকমল—তাঁরা দুজনই খেলেছিলেন রাজস্থান রয়্যালসের হয়ে। দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেছিলেন শোয়েব মালিক ও মোহাম্মদ আসিফ। শোয়েব আখতার খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। গত মৌসুমে ব্রিটিশ পাসপোর্টধারী পাকিস্তানি ক্রিকেটার আজহার মেহমুদকে আইপিএলে খেলার অনুমতি দেওয়া হয়েছিল। কলকাতার কোচিং স্টাফের অংশ ছিলেন কিংবদন্তি বাঁ-হাতি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম। নিষেধাজ্ঞা উঠে গেলে শহীদ আফ্রিদি, মোহাম্মদ হাফিজ, উমর আকমল কিংবা উমর গুলের মতো ক্রিকেটারদের পেছনে যে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো হুমড়ি খেয়ে পড়বে, তা সহজেই অনুমেয়।ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা আগামী আসরে পাকিস্তানি ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করার ইঙ্গিত এরই মধ্যে দিয়েছেন। তিনি জানিয়েছেন, সরকারের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ায় আইপিএলের আগামী আসরে পাকিস্তানি ক্রিকেটারদের খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। বিসিসিআইয়ের অনেক সদস্যও নাকি আইপিএলের আগামী আসরের নিলামে পাকিস্তানি ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করার পক্ষে মত দিয়েছেন।গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি আসর বিপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাকিস্তানি ক্রিকেটারদের ব্যাপক চাহিদা ছিল। প্রায় সব ফ্র্যাঞ্চাইজিতেই কমবেশি পাকিস্তানি ক্রিকেটাররা খেলেছেনও। শহীদ আফ্রিদি, সাঈদ আজমল, মোহাম্মদ সামি, আবদুল রাজ্জাকের মতো ক্রিকেটারদের উপস্থিতি বিপিএলকে দিয়েছিল ভিন্নমাত্রা।