আইপিএল নিলামে বাংলাদেশের চারজন
আইপিএলের এবারের নিলামে নাম লিখিয়েছিলেন মোট ৮৯৫ জন ক্রিকেটার। সেই লম্বা ফর্দ কাল কমিয়ে আনা হয়েছে ৫১৪ জনে। নিলামে ওঠার আগেই নিলাম থেকে বাদ পড়া এই ৩৮১ জনের মধ্যে আছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। সাতজন থেকে তাই চূড়ান্ত নিলামে থাকছেন চারজন—সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও সোহাগ গাজী। বাদ পড়েছেন রুবেল হোসেন, এনামুল হক ও নাসির হোসেন। ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে হবে এবারের নিলাম।
আইপিএলে এবারই প্রথম নিলাম হচ্ছে ভারতীয় রুপিতে। এক কোটি রুপি ভিত্তিমূল্য শ্রেণীতে থাকছেন সাকিব, ৫০ লাখ রুপিতে তামিম, মাহমুদউল্লাহ ও সোহাগ ৩০ লাখে। সাকিব এর আগে আইপিএলে খেলেছেন কলকাতা নাইট রাইডার্সে, ২০১২ আইপিএলে কলকাতার শিরোপা জয়েও অবদান ছিল তাঁর। পুনে ওয়ারিয়র্স দলে থাকলেও এক ম্যাচেও মাঠে নামা হয়নি তামিমের। এবার চারজনের নিলামে টিকে থাকাটাকে ইতিবাচকভাবে নিচ্ছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান, ‘আমাদের ক্রিকেটের জন্য এটি সুখবরই। আগের আইপিএলে আমাদের দুজন ক্রিকেটার ছিল, আশা করি এবার চারজনই দল খুঁজে পাবে।’