আইপিএল নিলামে ৯ বাংলাদেশি
তাঁরা সবাই যে নিলামে উঠে যাবেন, তা নয়। এখান থেকে কাকে নিলামে তোলা হবে বা আদৌ কাউকে তোলা হবে কি না, সেই সিদ্ধান্ত নেবে বিসিসিআই। তবে আইপিএলের নিলামে ওঠার সম্ভাবনার প্রথম দরজাটা অন্তত খুলে গেল সামনে। বিসিবি থেকে কাল আইপিএলের নিলামের জন্য প্রস্তাব করা হয়েছে জাতীয় দলের নয়জন ক্রিকেটারের নাম।এই নয়জন ক্রিকেটার হলেন—মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, আবদুর রাজ্জাক, ইমরুল কায়েস, রুবেল হোসেন, জহুরুল ইসলাম ও নাসির হোসেন। এর মধ্যে মাশরাফি আর রাজ্জাকেরই কেবল আগে আইপিএল খেলার অভিজ্ঞতা আছে। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে বর্তমান চুক্তিটা ২০১৩ সাল পর্যন্ত বলে এবারের নিলামে উঠবেন না সাকিব আল হাসান।বিসিবি সূত্রে জানা গেছে, তালিকায় থাকা নয়জন ক্রিকেটারের মধ্যে তামিম ইকবালের জন্য এর মধ্যেই আগ্রহ প্রকাশ করেছে আইপিএলের দু-একটা দল। প্রধান নির্বাচক আকরাম খান অবশ্য আশাবাদী, আইপিএলের দরজাটা এবার আরেকটু বেশিই খুলবে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য, ‘যারা টি-টোয়েন্টিতে ভালো, জাতীয় দলের হয়ে ভালো পারফরম করেছে, তাদের নামই পাঠানো হচ্ছে। আশা করি এদের মধ্য থেকে একাধিক খেলোয়াড়কে আইপিএলের নিলামে তোলা হবে।’ মাত্রই ইনজুরি থেকে ফেরা মাশরাফির নামও আছে তালিকায়। আকরাম আশাবাদী তাঁকে নিয়েও, ‘আইপিএল হবে এপ্রিলে। আশা করছি তত দিনে পুরো ফর্মে ফিরে আসবে মাশরাফি। তা ছাড়া আইপিএলে খেলার পূর্ব-অভিজ্ঞতাও আছে তার।’গতবার আইপিএলের নিলামের জন্য ১৮ জন ক্রিকেটারের নাম প্রস্তাব করেছিল বিসিবি।