আইপিএল ফিক্সিংয়ে ধোনির নাম!

হয়তো এখনো খুব সামান্যই জানা গেছে। আইপিএলে স্পট ফিক্সিংয়ের মূলোৎপাটনে তদন্তের যে জাল ফেলা হয়েছে, তাতে ধরা পড়েছেন কেবল শ্রীশান্ত, অঙ্কিত চাভান কিংবা গুরুনাথ মায়াপ্পনের মতো চুনোপুঁটিরা। ক্রিকেট দুর্নীতির রাঘববোয়ালরা দিব্যি আছেন বহাল তবিয়তে! ফিক্সিং তদন্তে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের সাবেক বিচারপতি মুকুল মুডগালের নেতৃত্বে তিন সদস্যের যে কমিটি করা হয়েছিল, সেটির প্রতিবেদন নাকি সেই আভাসই দিচ্ছে। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হচ্ছে, তদন্তে ম্যাচ পাতানোতে জড়িত থাকার সন্দেহে উঠে এসেছে খুব চেনাজানা ছয় ভারতীয় ক্রিকেটারের নাম। এঁদের মধ্যে নাকি আছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও সুরেশ রায়নাও!
মুডগাল কমিটির তৈরি করা ১৭০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন খামবন্ধ অবস্থায় পরশু তুলে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের দুই বিচারক আনাঙ্গা কুমার পাটনায়েক ও জগদীশ সিং খেহেরের কাছে। ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, প্রতিবেদনে নাকি এটাও বলা হয়েছে, সাবেক বিসিসিআই সভাপতি আই এস বিন্দ্রা কমিটির কাছে স্বীকার করেছেন, তিনি দুই সাবেক ভারতীয় ক্রিকেটারকে চিনতেন, যাঁরা ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত ছিলেন! প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর পাসপোর্ট জালিয়াতির একটি ঘটনা তদন্ত করতে গিয়ে এক জুয়াড়িকে খুঁজে পান ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তা সাম্পাথ কুমার। তাঁর কাছ থেকেই ম্যাচ পাতানোর বিভিন্ন ঘটনা জেনে সেটা প্রতিবেদন আকারে মুডগালের কাছে জমা দিয়েছেন সাম্পাত। সেখানেই নাকি উঠে এসেছে ধোনি-রায়নাদের নাম।
এ ছাড়া প্রতিবেদনে ক্রীড়া সাময়িকী স্পোর্টস ইলাস্ট্রেটেড-এর ভারতীয় সংস্করণের নিজস্ব তদন্তের কথা উল্লেখ করা হয়েছে। যে তদন্তের সময় সাময়িকীটি ক্রিকেটার ও জুয়াড়িদের কথোপকথনের কয়েকটি গোপন রেকর্ডিং পায়। সাময়িকীর এক সাংবাদিক সেই কথোপকথন থেকে বিখ্যাত একজন ভারতীয় ক্রিকেটারের কণ্ঠ চিনতে পারেন বলেও জানান। যদিও মুডগাল কমিটির কাছে তিনি সে ক্রিকেটারের নাম প্রকাশ করেননি। তবে এটুকু বলেছেন, সেই ক্রিকেটার ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য এবং আছেন বর্তমান দলেও। ইন্ডিয়া টুডে দাবি করছে, ওই কথোপকথনেই মোট ছয়জন ভারতীয় ক্রিকেটারের নাম উঠে এসেছে। এদের মধ্যে দুজনের নাম উঠে এসেছে আই এস বিন্দ্রার সাক্ষ্যতেও। ওয়েবসাইট।