আইপিএল বয়কটের আহ্বান রানাতুঙ্গার
ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠেয় আইপিএলের ম্যাচগুলোতে খেলতে পারবেন না শ্রীলঙ্কান ক্রিকেটাররা। এমনকি সেখানে ম্যাচের সঙ্গে সংশ্লিষ্টও থাকতে পারবেন না শ্রীলঙ্কার কোনো কোচ বা কর্মকর্তা। আইপিএল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গার অভিমত, এই সিদ্ধান্ত শ্রীলঙ্কার জন্য অপমানজনক। ক্রিকেটারদের উচিত পুরো আইপিএল থেকেই নিজেদের প্রত্যাহার করে নেওয়া।আইপিএল কর্তৃপক্ষের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে শ্রীলঙ্কার আরেক সাবেক তারকা মুত্তিয়া মুরালিধরন এনডিটিভিকে বলেন, ‘এটা ক্রিকেটের একটি বাজে দিন। ভারতের একটা অংশে আমাদের খেলতে দেওয়া হচ্ছে না। ওরা যদি নিরাপত্তা দিতে না পারে, আমাদের সতর্ক থাকতে হবে।’চেন্নাই ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী। এটি তামিল-অধ্যুষিত। শ্রীলঙ্কায় তামিলদের প্রতি দেশটির সরকারের আচরণ নিয়ে কিছুদিন ধরেই চেন্নাইয়ের রাজনীতি উত্তপ্ত। উদ্ভুত পরিস্থিতিতে চেন্নাইয়ে শ্রীলঙ্কানদের খেলতে যাওয়ার ব্যাপারে আপত্তি তোলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে লেখা চিঠিতে তিনি সাফ জানিয়ে দেন, শ্রীলঙ্কান ক্রিকেটার, আম্পায়ার বা কর্মকর্তা আছেন—এমন কোনো ম্যাচ সেখানে হতে দেওয়া হবে না। জয়ললিতার আপত্তির পরিপ্রেক্ষিতে আইপিএল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, চেন্নাইয়ের ম্যাচগুলোতে শ্রীলঙ্কার কেউ থাকবেন না।আইপিএল কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় রানাতুঙ্গা বলেন, ‘ক্রিকেটাররা যদি দক্ষিণ ভারতে (চেন্নাইয়ে) খেলতে না পারে, তাহলে ক্রিকেটারদের উচিত আইপিএল থেকেই নিজেদের সরিয়ে নেওয়া। সেখানকার রাজনীতিকরা আমাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে। আমি মনে করি, ব্যাপারটা বিবেচনায় নিয়ে ক্রিকেটারদেরই আইপিএল থেকে তাঁদের সরে আসা উচিত।’মুরালিধরন বর্তমানে খেলছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। স্বাভাবিকভাবেই নিষেধাজ্ঞাটা তাঁর ওপরও প্রযোজ্য। এ ব্যাপারে ৪০ বছর বয়সী এই তারকা বলেন, ‘রয়্যাল চ্যালেঞ্জার্সের সঙ্গে আমি কথা বলেছি। ওদের কোনো সমস্যা নেই। চেন্নাইয়ের বাইরের ম্যাচগুলোতে খেলতে পারব আমি।’মুরালি নিজে একজন তামিল। শ্রীলঙ্কায় নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘শ্রীলঙ্কা দলে আমি ২০ বছর খেলেছি। তামিল হিসেবে আমি কোনো সমস্যা বোধ করিনি। সরকার ও ক্রিকেট বোর্ড আমাকে সব সময় সহায়তা করেছে। যখন কঠিন সময় অতিক্রম করেছি, তখনো সবার সহায়তা পেয়েছি।’মুরালি বলেন, ‘একটা সময় ছিল যখন তামিল ও সরকারের মধ্যে যুদ্ধ ছিল। এখন আমার দেশের লোকজন শান্তিতে বসবাস করছে। তাই ভারতীয় কর্তৃপক্ষের উচিত শ্রীলঙ্কায় এসে দেখে যাওয়া, আমরা কীভাবে বাস করছি। অতীতে কী ঘটেছে সেটা ভুলে যাওয়া উচিত। আমরা আরেকটা যুদ্ধ চাই না।’আইপিএলের এবারের আসর মাঠে গড়াবে আগামী ৩ এপ্রিল। চলবে ২৬ মে পর্যন্ত।