আইপিএল-ভক্ত জয়াবর্ধনে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সমালোচকদের মধ্যে অর্জুনা রানাতুঙ্গার স্থান একেবারে ওপরের দিকে। শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক অনেকবারই বলেছেন, আইপিএলের মাধ্যমে ভারতীয় ক্রিকেট বোর্ড ক্রিকেটের ক্ষতি করছে। শুধু তা-ই নয়, আইপিএল ভালো টেস্ট খেলোয়াড়ের পরিবর্তে তৈরি করছে কসাই!তবে পাল্টাটাও পেয়ে গেলেন রানাতুঙ্গা। সেটাও একজন শ্রীলঙ্কানের মুখ থেকেই। শ্রীলঙ্কার বর্তমান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে বললেন, আইপিএলের বিরুদ্ধে বলা রানাতুঙ্গার কথা তাঁর নিজের মত। জয়াবর্ধনের কথা, ‘এটা তাঁর নিজস্ব অভিমত। আমার মনে হয় না তিনি (রানাতুঙ্গা) আইপিএলের খুব বড় সমর্থক। এটা সম্পূর্ণই তাঁর নিজের ব্যাপার। অনেক গ্রেট এই সংস্করণটাকে পছন্দ করে। অনেকেই আছেন যাঁদের বিশ্বাস, এতে ক্রিকেটারদের খেলায় উন্নতি হচ্ছে।’২০০৮ সালে শুরুর আসর থেকেই আইপিএলে খেলা জয়াবর্ধনে বর্তমানে দিল্লি ডেয়ারডেভিলসের সহ-অধিনায়ক। আইপিএলে খেলা মানেই যেহেতু কাঁড়ি কাঁড়ি টাকায় পকেটে ভারী করা, মাহেলারা আইপিএল-বিরোধী কথা মানবেন কেন! তা তিনি যেই হোন না কেন।জয়াবর্ধনে বরং আইপিএলের পক্ষ নিয়ে পাল্টা যুক্তি হিসেবে সামনে এনেছেন রবীন্দ্র জাদেজা, ডেভিড ওয়ার্নারদের মতো ক্রিকেটারদেরও। বলছেন, জাদেজা, ওয়ার্নারের মতো তরুণ ক্রিকেটাররা আইপিএলকে প্ল্যাটফর্ম করেই জাতীয় দলে জায়গা করে নিয়েছে। ‘উদাহরণস্বরূপ, রবীন্দ্র জাদেজা আইপিএল দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ঢুকেছে। সে উন্নতি করেছে এবং অনেক দূর এগিয়েও গেছে। একইভাবে অনেক তরুণ ক্রিকেটারই উন্নতি করেছে। এটা নির্ভর করে খেলোয়াড়ের ওপর’—বলেছেন জয়াবর্ধনে।অস্ট্রেলিয়ান ওপেনার ওয়ার্নার সম্পর্কে তাঁর কথা, ‘ডেভিড ওয়ার্নারের মতো ব্যাটসম্যান টি-টোয়েন্টি থেকে শুরু করে কীভাবেই না বদলে গেল! এখন সে অস্ট্রেলিয়া দলেরই ওপেনিং ব্যাটসম্যান। সে একই রকম আক্রমণাত্মক। প্রথম সেঞ্চুরি করে সে পুরো ম্যাচটাই বদলে দিয়েছিল।’ আইপিএল তাঁর নিজের খেলাটাও বদলে দিয়েছে বলে দাবি করেছেন জয়াবর্ধনে, ‘আমার খেলায়ও উন্নতি করার ছিল।’ নতুন কিছু করে দেখানোর এই চেষ্টা আমার ওয়ানডে ক্রিকেটে সহায়ক হয়েছে, আমি এখন ওপেনিংয়ে নামি। এখন টেস্ট ক্রিকেটেও ব্যাটসম্যানরা দ্রুত রান করে।’ ওয়েবসাইট।