আইপিএল মানে বিদ্যা বালান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহরুখ-জুহি-শিল্পাদের মতো আইপিএলের কোনো দল কেনেননি তিনি। হূতিক-ক্যাটরিনা-দীপিকাদের মতো ছিলেন না কখনো কোনো আইপিএল ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ড অ্যাম্বাসেডরও। তবু বিদ্যা বালান মানেই আইপিএল, আইপিএল মানে বিদ্যা বালান! বিষেন সিং বেদি অন্তত তা-ই মনে করেন।

বেদি একবার মুত্তিয়া মুরালিধরনকে বলেছিলেন ‘জ্যাভলিন থ্রোয়ার।’ মনের কথা অবলীলায় বলে দিতে জুড়ি নেই তাঁর, পরিচিতি আছে চাঁছাছোলা কথা বলার জন্যও। আইপিএল আর বিদ্যাকে একসুতোয় গাঁথা তাই তাঁর পক্ষেই সম্ভব! ২০১১ সালে বলিউডের আলোচিত চলচ্চিত্র ডার্টি পিকচার-এ সিল্ক স্মিতা চরিত্রে বিদ্যার একটি সংলাপ জায়গা করে নিয়েছে বলিউড ইতিহাসের ধ্রুপদি সংলাপগুলোর মধ্যে—‘সিনেমা কেবল তিনটি কারণেই চলে, বিনোদন, বিনোদন ও বিনোদন। আর আমি-ই হলাম বিনোদন।’

এই সংলাপকে টেনে এনেই আইপিএল নিয়ে ক্ষোভ ঝেড়েছেন বাঁহাতি স্পিন গ্রেট, ‘আইপিএলে আমার কোনো আগ্রহ নেই। আমার কাছে টেস্ট ক্রিকেটই হলো ঐতিহ্যের ধারক। কিন্তু আমরা নিজেদের ঐতিহ্য ধরে রাখায় মোটেও আগ্রহী নই। ঐতিহ্যকে এভাবে ধ্বংস হতে দেখাটা দুঃখজনক। আইপিএল হলো ভারতীয় ক্রিকেটের বিদ্যা বালান—বিনোদন, বিনোদন, বিনোদন।’ ওয়েবসাইট।

আইপিএল মানে বিদ্যা বালান—বেদির যুক্তিটি শোনার পর মনে হয় দ্বিমত করার লোক খুব একটা পাওয়া যাবে না!