আইপিএল স্থগিতের আবেদন খারিজ
আইপিএলে ফাইনালসহ এবারের আসরের বাকি ম্যাচগুলো স্থগিত রাখার নির্দেশনা চেয়ে করা একটি রিট আবেদন খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আইপিএলে স্পট ফিক্সিংয়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বাকি ম্যাচগুলো আপাতত বন্ধের নির্দেশনা চেয়ে আজ আবেদনটি করেন সুদর্শ আওয়াস্তি নামের এক ক্রিকেটভক্ত। তবে ওই আবেদনটি খারিজ করে দিয়ে আদালত বলেন, প্রতিযোগিতা নির্ধারিত সূচি অনুযায়ীই চলবে। একই সঙ্গে স্পট ফিক্সিংয়ে ক্রিকেটারদের জড়িত থাকার বিস্তারিত তথ্য এবং তাঁদের বিরুদ্ধে এ পর্যন্ত কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা আগামী দুই সপ্তাহের মধ্যে জানাতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে নির্দেশ দেওয়া হয়।
স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে গত বৃহস্পতিবার ভোরে রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার শ্রীশান্ত, অজিত চান্ডিলা ও অঙ্কিত চাভানকে মুম্বাই থেকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। দিল্লিতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের পাঁচ দিনের হেফাজতে নেওয়া হয়। দিল্লি পুলিশের দাবি, এরই মধ্যে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তাঁরা। তবে তিনজনই নাকি একে অপরকে দোষারোপ করছেন। জুয়ার সঙ্গে সংশ্লিষ্টদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে দিল্লি পুলিশ। এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ধারণা, স্পট ফিক্সিংয়ের পেছনে অপরাধ জগতের অনেকেরই হাত রয়েছে।