আইপিএল: স্পট ফিক্সিংয়ে জড়িত আরও তিন ক্রিকেটার
আইপিএলে ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভারতের গোয়া থেকে আরও ছয়জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের উদ্ধৃত করে দিল্লি পুলিশ বলছে, স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত আছেন আইপিএলের আরও তিন ক্রিকেটার। টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে বলা হয়েছে, তবে তাঁরা কারা, সে ব্যাপারে এখনো কোনো তথ্য দেয়নি পুলিশ। গত ১৬ তারিখে আইপিএলে স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার শ্রীশান্ত, অঙ্কিত চাভান ও অজিত চান্ডিলাকে। এ সময় দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার হন আরও সাতজন জুয়াড়ি। এরপর তাঁদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে একের পর এক আসতে থাকে নতুন নতুন নাম। সর্বশেষ গত ২৪ তারিখে গ্রেপ্তার করা হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি শ্রীনিবাসনের জামাতা ও চেন্নাই সুপার কিংসের প্রধান গুরুনাথ মাইয়াপ্পনকে। এরপর থেকে শ্রীনিবাসনের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছে ভারতের ক্রিকেট সংশ্লিষ্টরা।এখন নতুন এই তিনজন ক্রিকেটারের নাম প্রকাশ হওয়ার পর ভারতীয় ক্রিকেট অঙ্গনের চেহারাটা কেমন দাঁড়াবে, সেটাই দেখার বিষয়।