আইপিএলও গুরুত্বপূর্ণ, যেমনটা জাতীয় দল: কোহলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি ক্রিকেটটা প্রচণ্ড অর্থকরী। ক্রিকেটের এই ফরম্যাটের প্রতিটি পদক্ষেপে রয়েছে প্রচুর অর্থ কামিয়ে নেওয়ার সুব্যবস্থা। আইপিএল, বিপিএল, এসএলপিএল, বিগ-ব্যাশ কিংবা চ্যাম্পিয়নস লিগ জাতীয় দলের চেয়েও একজন ক্রিকেটারকে দ্রুত ধনী হওয়ার সুযোগ করে দিচ্ছে। অর্থের মোহে এ মুহূর্তে অনেক ক্রিকেটারই টি-টোয়েন্টি বা এর প্রতিযোগিতাকে টেস্ট ক্রিকেট কিংবা জাতীয় দলের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলেও অভিযোগ চাউর হয়েছে। তবে ভারতীয় ক্রিকেটের নতুন ব্যাটিং সেনসেশন বিরাট কোহলি জানিয়েছেন, তিনি ক্রিকেটের সব ধরনের ফরম্যাটকে সমান গুরুত্ব দেন। তাঁকে জাতীয় দলের জার্সি যেমন আবেগে আপ্লুত করে, ঠিক তেমনি আইপিএল তাঁকে করে তোলে পেশাদারি দায়িত্ববোধে উদ্দীপ্ত। জাতীয় দল কিংবা আইপিএল কোনোটাই তাঁর কাছে কম গুরুত্বের নয়।কোহলি ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, ‘আইপিএল এমন কিছু নয় যে গেলাম আর খেললাম। এটা মজা করার কিছু নয়। আমি আইপিএলকে জাতীয় দলের মতোই গুরুত্ব দিতে ভালোবাসি।’নিজের আত্মবিশ্বাসকে আশীর্বাদই মনে করেন কোহলি। সেই সঙ্গে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন আগ্রাসী মনোভাব ও আত্মবিশ্বাস দুটোই একসঙ্গে নিজের মধ্যে থাকায়। কোহলির মতে, ‘আত্মবিশ্বাস ও আগ্রাসন একসঙ্গে পাওয়াটা ভাগ্যের ব্যাপার। আমি ভাগ্যবান যে দুটোই একসঙ্গে পেয়েছি।’নিজের অভিজ্ঞতা থেকে আক্রমণাত্মক হতে একটু দ্বিধাই আছে কোহলির মধ্যে। তিনি বলেন, মাঠে আপনাকে আক্রমণাত্মক হতেই হবে। কিন্তু ভারতের জার্সি গায়ে আক্রমণাত্মক মনোভাব দেখানো আর অন্য দেশের জার্সি গায়ে আক্রমণাত্মক হওয়াটা এক নয়। তিনি বলেন, অনেক সময় ভারতের জার্সি গায়ে আক্রমণাত্মক মনোভাবকে বাজে আচরণ হিসেবে দেখা হয়। অথচ একই আচরণ করে অন্যরা কিন্তু ঠিকই সবকিছু সামলে নিচ্ছে। কোহলি ভারতের বর্তমান কোচ ডানকান ফ্লেচারের প্রশংসা করে বলেন, তিনি দারুণ অভিজ্ঞ এক কোচ। তাঁর ক্রিকেট-জ্ঞান এককথায় অসাধারণ।সামনে অনেক দিন পড়ে আছে কোহলির জন্য। নিজের ক্রিকেটটাকে, নিজের ব্যাটিংয়ে এই সময় তিনি নিয়ে যেতে চান উন্নতির স্বর্ণশিখরে। মনে মনে তিনি ভেবে রেখেছেন, তাঁর রক্ষণকে উন্নত করতে হবে রাহুল দ্রাবিড়ের পর্যায়ে। ধৈর্য তৈরি করতে হবে মহেন্দ্র সিং ধোনির মতো, কবজির কারুকাজে তিনি ছাড়িয়ে যাবেন ভিভিএস লক্ষ্মণকে। শচীন টেন্ডুলকারের চেয়েও অনড্রাইভ তিনি ভালো করবেন। আর বীরেন্দর শেবাগের কাটগুলো তিনি নিয়ে আসবেন নিজের ব্যাটে।