আইপিএলকে ওয়ার্নের বিদায়
ক্রিকেটের চাপ যেন আর সইতে পারছেন না শেন ওয়ার্ন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ২০০৬ সালের ডিসেম্বরে। ২০০৮ সালে শুরু হয় আইপিএল অধ্যায়। তবে আর পারছেন না, এবার আইপিএলকেও বিদায় জানিয়ে দিচ্ছেন অস্ট্রেলিয়ার এ কিংবদন্তি স্পিনার।‘হ্যাঁ, এটাই আমার শেষ আইপিএল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ক্যারিয়ারের সফলতা-ব্যর্থতা সব সময় আমার পাশে থেকে সহযোগিতা করার জন্য। আশা করি, আপনারা সবাই আমার খেলা উপভোগ করেছেন’—টুইটারে লিখেছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক ওয়ার্ন।ওয়ার্নের কথা থেকে স্পষ্ট, ক্রিকেটার হিসেবে চলতি আসরেই শেষবারের মতো দেখা যাবে তাঁকে। তবে ক্রিকইনফো জানিয়েছে, এখনই আইপিএল ছেড়ে যাচ্ছেন না তিনি। ক্রিকেটার হিসেবে বিদায় নিলেও ভবিষ্যতে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির দল রাজস্থানের কোচ বা উপদেষ্টা হিসেবে দেখা যেতে পারে এ কিংবদন্তিকে। আইপিএলের প্রথম আসরেই রাজস্থানকে শিরোপা এনে দেন ওয়ার্ন। পরের দুটি আসরে ফ্র্যাঞ্চাইজটির পারফরম্যান্স ততটা ভালো ছিল না। চলতি আসরেও অবস্থা সুবিধাজনক নয়। ওয়ার্নের নেতৃত্ব খেলা শেন ওয়াটসন এক সাক্ষাত্কারে বলেছেন, ‘রাজস্থানকে আরেকবার চ্যাম্পিয়ন করে তবেই মাঠ ছাড়তে চেয়েছিলেন ওয়ার্ন।’ ওয়েবসাইট।