আইপিএলকে দুষছেন না সাবেক ভারতীয় ক্রিকেটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশের মাটিতে টানা সাত টেস্টে পরাজয়। শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি, বীরেন্দর শেবাগ ও গৌতম গম্ভীরদের পর চোখে পড়ার মতো গ্রেট ক্রিকেটার আবির্ভূত না হওয়া—সবকিছুর জন্যই ইদানীং ভারতে আইপিএলকে দায়ী করা হচ্ছে। বলা হচ্ছে, অর্থকরী, ক্রিকেটের এই সংক্ষিপ্ততম ফরম্যাটের প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের অতিমাত্রার দুর্বলতাই ভারতীয় ক্রিকেটের গাঁথুনিকে দুর্বল করে দিচ্ছে। তরুণ খেলোয়াড়েরা যেখানে আগে তিন দিন, চার দিনের ম্যাচ বেশি করে খেলে নিজেদের ঝালিয়ে নিত, প্রস্তুত হতো অধিকতর চ্যালেঞ্জের জন্য, সেখান আইপিএল তাদের সেই অধ্যবসায়ের আগ্রহকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে। তাদের ঝোঁক এখন আইপিএলে খেলে কাড়ি কাড়ি টাকা কামানোর দিকে। এসবই অভিযোগ। আইপিএলের বিপক্ষে মতামত উঠেছে, কারণ ভারত টেস্ট ক্রিকেটে ভালো করছে না। আবার কিছুদিন আগেও অনেকেই ওয়ানডে ক্রিকেটে ভারতের সাফল্যের নেপথ্য কারণ হিসেবে আইপিএলকে ভাসিয়েছিলেন প্রশংসার বন্যায়। পক্ষে-বিপক্ষে মতামত যা-ই থাক, ভারতের সাবেক ক্রিকেটাররা ভারতীয় ক্রিকেটের বর্তমান দুরবস্থার জন্য আইপিএলকে এককভাবে দায়ী করতে নারাজ। তাঁদের মতে, আইপিএল নয়, ক্রিকেট নিয়ে বিসিসিআইয়ের সুষ্ঠু পরিকল্পনার অভাবই যত সমস্যার মূলে।ভারতের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক দিলীপ ভেংসরকার আইপিএলকে সরাসরি দোষারোপ না করে বলেছেন, বিসিসিআইয়ের উচিত তরুণ বিশেষ করে অনূর্ধ্ব-১৭, ১৯ ইত্যাদি বয়সভিত্তিক খেলোয়াড়দের টি-টোয়েন্টি বিশেষ করে আইপিএলের মতো প্রতিযোগিতা থেকে দূরে সরিয়ে রাখা। তবে তিনি বিসিসিআইকে অভিযুক্ত করে বলেন, ‘ক্রিকেট নিয়ে যাদের ভাবা উচিত, সেই বোর্ডের কাজেই কোনো সমন্বয় নেই।’ তিনি ভবিষ্যতে জুনিয়র ক্রিকেট ও ‘এ’ দলের ক্রীড়াসূচিকে আরও পরিকল্পিত ও সুবিন্যস্ত করার আহ্বান জানিয়েছেন।এদিকে সাবেক টেস্ট খেলোয়াড় চান্দু বোর্দে ভারতীয় ব্যাটসম্যানদের ভুল থেকে শিক্ষা নেওয়ার চর্চার অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, ‘জানি দলটাতে অনেক “গ্রেট” ব্যাটসম্যান আছেন। কিন্তু আমি ভেবে পাই না, এই “গ্রেট”রা একই ভুল বারবার করে কীভাবে।’বিষেন সিং বেদি নিজের স্বভাবসুলভ ঢংয়ে বলেছেন, ‘আইপিএলকে দোষ দিয়ে লাভ নেই। আমি বরং ভারতীয় ক্রিকেটের এ অবস্থার জন্য দায়ী করব যেসব লোকজন এই আইপিএল আয়োজনের পেছনে রয়েছে তাদের। এই লোকগুলোর কোনো ক্রিকেটীয় অতীত নেই। এরা উড়ে এসে এখানে জুড়ে বসেছে। এসব উড়ে এসে জুড়ে বসা লোকগুলোর জন্যই ভারতীয় ক্রিকেটের আজ এ অবস্থা।’ পিটিআই।