আইপিএলকে মালিঙ্গার ‘ধন্যবাদ’
আইপিএলে খেলতেই নাকি আসন্ন ইংল্যান্ড সফরের টেস্ট দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন লাসিথ মালিঙ্গা। বিতর্কের মাঝেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন লঙ্কান এই ফাস্ট বোলার। সমালোচকেরা আজ সমালোচনার নতুন এক রসদ পেলেন। জাতীয় দলে ফিরে আসার পেছনে মালিঙ্গা যে কৃতিত্ব দিচ্ছেন আইপিএলকেই।‘আইপিএলের কারণেই আমি জাতীয় দলে ফিরে আসার সুযোগ পেয়েছি। ইনজুরির পর কেউ আমার দিকে ফিরে তাকায়নি। চুক্তির প্রস্তাবও কেউ দেয়নি। কিন্তু আইপিএলকে ধন্যবাদ, কিছুই হারাতে হয়নি আমাকে। বরং নিজের পারফরম্যান্স আরও উন্নত হয়েছে। আমার সঙ্গে যে আচরণ করা হয়েছে, তাতে দুঃখ পেয়েছিলাম, কিন্তু হতাশ হইনি।’ কলম্বোয় এক সংবাদ সম্মেলনে বলেছেন মালিঙ্গা।মালিঙ্গার দাবি অযৌক্তিক নয়। ২০০৮ সালের শুরুতে হাঁটুর ইনজুরিতে পড়েন তিনি। পরের বছরের আগস্ট পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলতেও পারেননি। ২০০৯ সালের শুরুতে কয়েকটি ঘরোয়া ম্যাচে অংশ নিলেও দলের ফিরে আসার পেছনে কাজ করেছে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে তাঁর নেওয়া ১৮ উইকেট।আইপিএলের কারণে টেস্ট দলে থাকেননি বলে যে খবর বেরিয়েছে, এ প্রসঙ্গে মালিঙ্গার জবাব, ‘আমি নতুন করে ইনজুরিতে পড়িনি। কিন্তু টেস্ট ক্রিকেট খেলার মতো শারীরিক ফিটনেস আমার নেই।’ ওয়েবসাইট।