আইপিএলকেই দুষছেন ইমরান-কপিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাহোর-করাচিতে এ কদিন কুশপুতুলের চাহিদা হঠাত্ করেই বেড়ে গিয়েছিল। বিক্ষুব্ধ ক্রিকেট সমর্থকেরা এর ক্রেতা। কুশপুতুলের ছবি দেখে তো আর বোঝার উপায় নেই সেটা কার, উর্দুও বোঝা ভার। তবে আন্দাজ করে নিতে কষ্ট হচ্ছিল না, পাকিস্তানি সমর্থকদের ক্ষোভের আগুনে পুড়ে খাক হওয়া ওই কুশপুতুলগুলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কর্মকর্তাদের কারও। লোলিত মোদির কি?শুধু সাধারণ সমর্থকেরা নয়, ১১ পাকিস্তানি ক্রিকেটারকে নিলামে তুলেও তাঁদের না কেনাটাকে ‘জাতীয় অপমান’ হিসেবেই দেখছে সে দেশের সবাই। পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলনেতা, একালের নন্দিত রাজনীতিক ইমরান খানও শামিল সেই ক্ষোভের মিছিলে। সাবেক এই তারকা অলরাউন্ডার মনে করেন, মুম্বাই হোটেলে সন্ত্রাসী হামলার পাল্টা সাধারণের ওপর নিচ্ছে ভারত, ‘পাকিস্তান টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন, শহীদ আফ্রিদিদের মতো খেলোয়াড়দের চাহিদা অনেক বেশি। তার পরও পাকিস্তানি ক্রিকেটারদের না নেওয়ার পেছনে পাকিস্তানের আপামর মানুষ মুম্বাই আক্রমণের যোগসূত্র খুঁজে পাচ্ছে।’সন্ত্রাসবাদের সবচেয়ে বড় শিকার ভারত নয়, পাকিস্তানই। সে কথা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে ইমরান আহ্বান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নামার পর থেকে ক্রমেই আরও অস্থিতিশীল হয়ে পড়া পাকিস্তানকে যেন অন্তত খেলার মাঠে কোণঠাসা করে না ফেলা হয়। ‘এখন সন্ত্রাসবাদের সবচেয়ে বড় শিকার পাকিস্তান। ২০০৯ সালে পাকিস্তানে ৫০০টির মতো বোমা বিস্ফোরণ ঘটেছে।’ওদিকে ভারতের একমাত্র বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব আবার এ ঘটনায় ভারত সরকারকে দোষারোপের কোনো কারণ দেখেন না, ‘গতবার আইপিএল খোদ সরকারকে পাত্তা না দিয়ে দক্ষিণ আফ্রিকায় গিয়ে টুর্নামেন্ট করল। পাকিস্তানি ক্রিকেটারদের না নেওয়ায় আমিও হতাশ। কিন্তু এর জন্য সরকার কিংবা অন্য কেউ নয়, আইপিএলই দায়ী।’পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) তাদের ক্ষোভের কথা জানিয়ে দিয়েছে। শুধু তা-ই নয়, বিষয়টি নিয়ে আইসিসির কাছেও নালিশ করবে তারা। ১০ ফেব্রুয়ারি আইসিসির নির্বাহী কমিটির সভায় বিষয়টি তোলা হবে বলে জানিয়েছেন পিসিবি সভাপতি ইজাজ বাট। ওয়েবসাইট।