আইপিএলকেই বেছে নিলেন গেইল
জাতীয় দলকে পাশ কাটিয়ে শেষ পর্যন্ত আইপিএলকেই বেছে নিলেন ক্রিস গেইল। ডির্ক ন্যানেসের পরিবর্ত হিসেবে আইপিএলে যোগ দিয়েছেন এই মারকুটে ব্যাটসম্যান। প্রথম তিন আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা গেইলের নতুন ঠিকানা বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স।পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি এবং প্রথম দুটো ওয়ানডের দলে গেইলকে রাখা হয়নি। তাঁকে বাদ দেওয়ার কারণও তখন জানায়নি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লুআইসিবি)। গেইলকে আইপিএলে খেলার ছাড়পত্র দিয়ে ডব্লুআইসিবি জানিয়েছে, তারা ভীষণ অসন্তুষ্ট। কারণ, গেইল বিশ্বকাপের পর ইনজুরি থেকে সেরে উঠছিলেন বলেই বোর্ডকে জানানো হয়েছিল। এ কারণেই তাঁকে নেওয়া হয়নি পাকিস্তান সিরিজের প্রথম অংশে।নির্বিঘ্নে আইপিএলে খেলার লক্ষ্যে গেইল বোর্ডের সঙ্গে চুক্তিই করেননি। যদিও এবারের খেলোয়াড় নিলামে গেইলকে কোনো দলই কেনেনি। এই গেইলকেই প্রথম নিলামে ৮ লাখ মার্কিন ডলারে কিনেছিল কলকাতা। গেইলকে এবার না কেনার পেছনে দলগুলোর মধ্যে একটা সংশয় কাজ করছিল, হয়তো পুরো মৌসুমের জন্য তাঁকে পাওয়া যাবে না।শেষ পর্যন্ত সেই সংশয় গেইল দূর করে দিলেন নিজেই। টেস্ট সিরিজেও খেলবেন না সাবেক অধিনায়ক। ফলে গেইলকে পুরো সময়টাতেই পাবে বেঙ্গালুরু। ডব্লুআইসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘যে কারণ দেখিয়ে সে এই সিরিজে খেলবে না বলেছে, সেটা বোর্ডের কাছে গ্রহণযোগ্য নয়। কারণ, সে ভারতে গিয়ে বুঝিয়ে দিয়েছে তার চাওয়া আইপিএলেই খেলা। ডব্লুআইসিবি তার এই চাওয়ার পথে বাধা হয়ে থাকতে চায়নি। এ কারণেই গেইলকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে।’বোর্ড যতই নাখোশ থাক প্রথম ৫ ম্যাচ থেকে মাত্র ৩ পয়েন্ট নিয়ে শুরু করা বেঙ্গালুরু গেইলকে পেয়ে নিশ্চয়ই খুশি। তবে ঠিক কত টাকায় তাঁকে কেনা হলো, সেটি জানা যায়নি। আইপিএলের নিয়ম, পরিবর্ত খেলোয়াড়কে যাঁর বদলে নেওয়া হচ্ছে, তাঁর মূল দামের চেয়ে বেশি দামে কেনা যাবে না। ন্যানেসকে সাড়ে ছয় লাখ ডলারে কিনেছিল বেঙ্গালুরু। ওয়েবসাইট।