আইপিএলে আত্মবিশ্বাস খুঁজছেন ধোনি

২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার মাত্র চার মাস পর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চায়নি ভারত। দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ যেন আলোড়ন না তুলতে পারে, সে জন্য প্রচরাভিযানেও নেমেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তখনকার ‘একরোখা’ আইসিসির সঙ্গে পেরে না ওঠা ভারত অবশেষে খেলতে যায় প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে। কিন্তু তারপর? বাকিটা রূপকথা। লেখা হলো ভারতীয় ক্রিকেটের নতুন ইতিহাস। ফাইনালে ৫ রানে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলল মহেন্দ্র সিং ধোনির দল। সাত বছর পর আবার সেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত পারবে ফের শিরোপা জিততে?
যদিও সাম্প্রতিক সময়ে বিদেশের মাটিতে ভারতের হতচ্ছিরি পারফরম্যান্স তাদের আশার পালে তেমন হাওয়া জোগাতে পারছে না। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট-ওয়ানডে কোনটিই জিততে পারেনি ধোনির দল। এমনকি সদ্য সমাপ্ত এশিয়া কাপেও ভারতের পারফরম্যান্স বলার মতো নয়। এর চেয়ে বড় কথা, বিশ্বকাপের আগে যথেষ্ট অনুশীলনের সুযোগও পাননি ধোনি-কোহলিরা। এতসব নেতিবাচক খবর পায়ে ঠেলে আশার গানই গাইছেন ধোনি।
আজ শুক্রবার সংবাদ সম্মেলনে বললেন, ‘অধিকাংশ দলের দিকে যদি তাকান, তবে দেখবেন তারা পর্যাপ্ত টি-টোয়েন্টি খেলেনি। আমাদের যে ধরনের সময়সূচি, তাতে মানিয়ে নিতে এক বা একাধিক টি-টোয়েন্টি লেগে যাবে (প্রতিটি সিরিজে), সেটা মনে করি না।’
ভারতীয় অধিনায়কের মতে, প্রস্তুতির ঘাটতি পুষিয়ে দেবে আইপিএল। তিনি বলেন, ‘এই সময়ে আমরা আইপিএল খেলেছি। সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলেছি। আইপিএল আন্তর্জাতিক মানের, যেটি আমাদের অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করতে প্রয়োজন।’ কিন্তু আইপিএল শুরু হওয়ার পর আর কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেই উঠতে পারেনি ভারত!
সাম্প্রতিক ব্যর্থতা নিয়ে ধোনির মন্তব্য, ‘সাম্প্রতিক সময়ে খুব কঠিন সময় কাটিয়েছি আমরা। তবে এ পরিস্থিতিতে আমরা যে ভালো খেলিনি, তা নয়।’ এশিয়া কাপে ইনজুরির কারণে ছিলেন না দলে। সময় কেমন কাটল ভারতীয় অধিনায়কের? জানালেন, ‘কিছুদিন বিশ্রাম পাওয়ায় আমার জন্য কিছুটা ইতিবাচক। বাড়িতেই ছিলাম। এ সময়ে কিছুই করিনি। ইনজুরিতে পড়ে কেউ সিরিজ হাতছাড়া করতে চাইবে না। সব মিলিয়ে এটা ১০-১২ দিনের ভালো ছুটিই ছিল।’