আইপিএলে খেলবেন না গাঙ্গুলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে ‘বিদায়’ বললেও প্রথম শ্রেণীর ক্রিকেট ও ঘরোয়া টি-টোয়েন্টি লিগ আইপিএলে মাঠে নেমেছিলেন সৌরভ গাঙ্গুলী। কিন্তু এবার সব ধরনের ক্রিকেটকেই ‘বিদায়’ বলে দিলেন ভারতের এই সাবেক অধিনায়ক। আইপিএলের ষষ্ঠ আসরে খেলবেন না বলে জানিয়েছেন গাঙ্গুলী। বিদায় নেবেন প্রথম শ্রেণীর ক্রিকেট থেকেও।আইপিএলের প্রথম চারটি আসরে নিজ শহর কলকাতার হয়ে খেললেও গত মৌসুমে সৌরভ গাঙ্গুলী মাঠে নেমেছিলেন পুনে ওয়ারিয়র্সের জার্সি গায়ে। কিন্তু আইপিএলের গত আসরে তাঁর নেতৃত্বাধীন পুনে মোটেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি। তবে এবার আইপিএলকে ‘বিদায়’ বলার পেছনে সেই ব্যর্থতা কোনো ভূমিকা রাখছে না বলে স্পষ্টই জানিয়েছেন গাঙ্গুলী। বয়স বেড়ে যাওয়ার কারণেই ক্রিকেট থেকে বিদায়ের সিদ্ধান্ত নিয়েছেন দাদা। গতকাল রোববার ‘টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘গত পাঁচ বছরে আইপিএলে খেলার সময় আমি খুব ভালো সময় কাটিয়েছি। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার পরও শুধু আইপিএলের কারণেই আমি শীর্ষপর্যায়ের ক্রিকেট খেলে যেতে পেরেছি। কিন্তু আমার পক্ষে আর খেলা সম্ভব নয়। আমি এরই মধ্যে পুনে ওয়ারিয়র্সের মালিকদের অনুরোধ করেছি, তারা যেন আমাকে ষষ্ঠ আসরের জন্য বিবেচনা না করে।’এবারের রনজি ট্রফিতেও কলকাতার হয়ে মাঠে না নামার সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ গাঙ্গুলী। আইপিএলে অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবেই এত দিন প্রথম শ্রেণীর ক্রিকেট খেলে গেছেন বলে জানিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তিনি বলেছেন, ‘প্রথম শ্রেণীর ক্রিকেটের পুরো একটা মৌসুম খেলে যাওয়া খুবই কঠিন। আমি এত দিন এটা খেলেছি, কারণ আপনি কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই আইপিএলের মতো প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।’২১ বছর আগে ১৯৮৯-৯০ মৌসুমের রনজি ট্রফি দিয়ে বর্ণালি ক্যারিয়ার শুরু করেছিলেন সৌরভ গাঙ্গুলী।