আইপিএলে খেলবেন লঙ্কানরা
আইপিএলে খেলবেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা। দেশটির ক্রিকেট বোর্ড গতকাল জানিয়েছে আইপিএল খেলতে অনুমতি দেওয়া হবে খেলোয়াড়দের। ভারতের কাছ থেকে নিরাপত্তাবিষয়ক আশ্বাস পওয়ার পরই শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এ সিদ্ধান্ত নিয়েছে। এর আগে শ্রীলঙ্কা সরকার আইপিএল বর্জনের হুমকি দিয়েছিল। ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিল-অধ্যুষিত রাজ্য তামিলনাড়ুতে লঙ্কান ক্রিকেটারদের খেলতে না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদেই হুমকিটা দিয়েছিল শ্রীলঙ্কান সরকার। তবে কাল সরকারের সঙ্গে এসএলসির বৈঠকের পরই বোর্ড জানায় ক্রিকেটাররা যদি যেতে চান এবং তামিলনাড়ুতে না খেলেন তবেই তারা খেলোয়াড়দের সবুজ সংকেত দিতে পারে। এক বিবৃতিতে এসএলসি জানায়, ‘খেলোয়াড়েরা যদি ২০১৩ আইপিএলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে তাহলে তাদের অনুমতি দেওয়া হবে। তবে শর্ত মেনে তামিলনাড়ুতে তারা খেলতে পারবে না।’পরশু আইপিএল গভর্নিং কাউন্সিল জানিয়ে দেয় চেন্নাইয়ে কোনো লঙ্কান ক্রিকেটারকে খেলানো যাবে না। তামিলনাড়ু সরকারের চাপে পড়েই এই সিদ্ধান্ত নেওয়া। এবারের আইপিএলে খেলার জন্য চুক্তি করেছেন ১৩ লঙ্কান ক্রিকেটার। এএফপি।