আইপিএলে দল পেলেন না তামিম
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএলে) নিলামে কোনো দল পেলেন না বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান ও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল চিটাগং কিংসের আইকন ক্রিকেটার তামিম ইকবাল। আজ শনিবার অনুষ্ঠানরত আইপিএল নিলামে তামিমের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দলই। বাংলাদেশের সাবেক অধিনায়ক ও খুলনা রয়্যাল বেঙ্গলসের আইকন সাকিব আল হাসান গতবারই কলকাতা নাইট রাইডার্সে দলভুক্ত হয়ে যাওয়ায় তিনি এবার আর নিলামে নেই।এদিকে নিলামে নয় লাখ ডলার মূল্যে কলকাতা নাইট রাইডার্সে ফিরেছেন নিউজিল্যান্ডের উইকেট রক্ষক কাম উদ্বোধনী ব্যাটসম্যান ব্র্যান্ডন ম্যাককুলাম। সবাইকে অবাক করে দিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ২০ লাখ ডলার মূল্যে ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে কিনে নিয়েছে চেন্নাই সুপার কিংস। জাদেজাকে দলে নিতে ডেকান চার্জার্সের সঙ্গে টাইব্রেকারে যেতে হয় চেন্নাই সুপার কিংসকে। সেখানে ডেকানকে পেছনে ফেলেই এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়ে নেয় চেন্নাই।এদিকে, কলকাতা নাইট রাইডার্সের অন্যতম স্বত্বাধিকারী বলিউড তারকা শাহরুখ খান আইপিএল নিলামে ব্র্যান্ডন ম্যাককুলামকে দলে ভেড়াতে পেরে উচ্ছ্বাস পোষণ করেছেন। তিনি টুইটারে লিখেছেন, ‘আমি নিলামে যাইনি। বাইরে থেকেই ব্যাপারটি উপভোগ করছি কফির মগ হাতে নিয়ে। দুর্দান্ত লাগছে ম্যাককুলামকে দলে ফিরে পেয়ে।’জাদেজার পাশাপাশি শ্রীলঙ্কান ব্যাটসম্যান মহেলা জয়বর্ধনেও এবারের আইপিএলের ‘হট চয়েজ’ হয়ে দেখা দিয়েছেন। তাঁকে ১৪ লাখ ডলারে দলে নিয়েছে দিল্লি ডেয়ারডেভিল। গত আইপিএলে তিনি কোচির হয়ে খেলেছিলেন। দিল্লি ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলকে দলে নিয়েছে চার লাখ ৫০ হাজার ডলারে। এই ক্যারিবীয় ব্যাটসম্যানের ভিত্তিমূল্য ছিল ৫০ হাজার ডলার। অস্ট্রেলীয় পেসার মিচেল জনসনকে তাঁর ভিত্তিমূল্য তিন লাখ ডলারে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস।তরুণ ভারতীয় উইকেটরক্ষক ও ব্যাটসম্যান পার্থিব প্যাটেলের ঠাঁই হয়েছে ডেকান চার্জার্সে। অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বেশ লড়াই করেই ছয় লাখ ডলার দিয়ে পার্থিবকে দলে নিয়েছে ডেকান।এ ছাড়া অস্ট্রেলিয়ার ব্র্যাড হজ চার লাখ ৭৫ হাজার ডলারে রাজস্থান রয়্যালসে গিয়েছেন। শ্রীলঙ্কার দিনেশ চান্দিমাল ও দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস তাদের ভিত্তিমূল্য ৫০ হাজার ডলারে দলভুক্ত হয়েছেন যথাক্রমে রাজস্থান রয়্যালস ও মুম্বাই ইন্ডিয়ানসে। এ ছাড়া স্পিন জাদুকর মুত্তিয়া মুরলিধরনকে দুই লাখ ডলারে দলভুক্ত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পিটিআই।