আইপিএলে দুর্নীতি: বিব্রত বিসিসিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিসফাসটা আগে থেকেই ছিল। ভারতীয় টিভি চ্যানেল ইন্ডিয়া টিভির প্রচারিত ভিডিও ফুটেজ সেই ফিসফাসকে পরিণত করল চিত্কারে। গোপন ক্যামেরায় ধারণ করা কয়েকজন খেলোয়াড়ের আলোচনার ভিডিও জানিয়ে দিচ্ছে আইপিএল সত্যিই ক্রিকেট দুর্নীতির অভয়ারণ্য। খেলোয়াড়দের আলোচনা সত্যি হলে আইপিএলে অংশ নেওয়া কয়েকজন অধিনায়ক, ফ্র্যাঞ্চাইজি মালিক এমনকি খেলোয়াড়েরাও স্পট ফিক্সিং থেকে কামিয়ে নিচ্ছেন লাখ লাখ রুপি। ইচ্ছা করে একটি নো বল করলেই নাকি অখ্যাত একজন ক্রিকেটার পেয়ে যান কাড়ি কাড়ি টাকা। ইন্ডিয়া টিভির ফাঁস করে দেওয়া ফুটেজ পৃথিবীর সবচেয়ে অর্থকরী ও জমজমাট ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতাকে ঢেকে দিয়েছে কলঙ্কের চাদরে। কাল ইন্ডিয়া টিভি যে ফুটেজটি প্রকাশ করে তাতে দেখা যায়, ভারতের কয়েকজন ক্রিকেটার—যাঁরা সবাই ঘরোয়া ক্রিকেট খেলে পরিচিত; এখনো আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাননি, তাঁরা নিজেদের মধ্যে আলোচনা করছেন। আইপিএলে এই ক্রিকেটাররা ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলে থাকেন। সেই আলোচনায় উঠে আসে আইপিএলে ফিক্সিংয়ের বিভিন্ন ঘটনা। ক্রিকেটাররা বলছিলেন, আইপিএলের কয়েকজন অধিনায়ক, এমনকি বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির মালিক সরাসরি স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত। এই অধিনায়কেরা ও মালিকেরা নাকি অনেক বোলারকে ‘নো’ বল করার জন্য অর্থের প্রলোভন দেখিয়ে আসছেন। আইপিএলে অবৈধ অর্থের ‘নো’ বল করার জন্য অনেক বোলারকে অর্থের প্রলোভন দেখিয়েছেন তাঁরা। অবৈধ অর্থের লেনদেন ও চুক্তির কথাও উঠে আসে আলোচনায়।আলোচনাকারীদের একজন হায়দরাবাদের পেসার সুধীন্দ্র বলছিলেন, তিনি নিজে অর্থের বিনিময়ে ‘নো বল’ করেছেন। তাঁর দাবি অনুযায়ী, আইপিএলসহ ভারতীয় ক্রিকেটের যেকোনো পর্যায়েই দুর্নীতি করা সম্ভব। আইপিএলে নিয়মিত স্পট ফিক্সিংয়ের মতো ঘটনা ঘটছে। তবে অর্থের পরিমাণটা নির্ভর করে খেলার মানের ওপর। আইপিএলে প্রথম শ্রেণীর ক্রিকেটারদের গাড়ি, ফ্ল্যাট পর্যন্ত দিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আলোচনার একপর্যায়ে পাঞ্জাবের বাঁ-হাতি পেসার সালাভ শ্রীবাস্তব বলেন, তিনি প্রতিটি নো বলের জন্য ১০ লাখ রুপি করে দাবি করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, ক্রিকেটারদেরকে এসব কাজে জড়িত করতে নারীদের ব্যবহার করা হয়। আইপিএলের প্রত্যেক ক্রিকেটারই স্পট ফিক্সিংয়ের মতো ঘটনায় জড়িত হওয়ার প্রস্তাব পেয়েছেন। আর প্রতি ১০ জনের মধ্যে দুই থেকে তিনজন ক্রিকেটার এই দুর্নীতির সঙ্গে জড়িত। এদিকে আজ মঙ্গলবার, বার্তা সংস্থা টাইমস নিউজ নেটওয়ার্কের (টিএনএন) খবরে বলা হয়েছে, ইন্ডিয়া টিভিতে প্রচারিত খবরে ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইপিএল কর্তৃপক্ষ বিব্রত। টেলিভিশনে প্রচারিত ফুটেজ পরীক্ষা-নিরীক্ষা করতে দ্রুত বৈঠকে বসতে যাচ্ছে আইপিএল কর্তৃপক্ষ।ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ও আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের মালিক এন শ্রীনিবাসন এক প্রতিক্রিয়ায় বলেন, নীতিমালা ভঙ্গ ও কোনো ধরনের দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।