আইপিএলে ম্যাচ পাতানো ধাক্কা
আইপিএলকে ঘিরে এই সংশয়টা সব সময়ই ছিল। অনেকেই ম্যাচ পাতানো, বিশেষ করে, স্পট ফিক্সিংয়ের সবচেয়ে বড় ক্ষেত্র মনে করেন আইপিএলকে। এবার এই ধারণার পক্ষে শক্ত একটা ভিত্তিও পাওয়া গেল। আইপিএল ও ভারতের ঘরোয়া ক্রিকেটে স্পট ফিক্সিংয়ে কয়েকজন ক্রিকেটারের জড়িত থাকার ভিডিও প্রমাণ দেখিয়েছে ভারতের একটি টিভি চ্যানেল। এর ভিত্তিতে নিষিদ্ধ করা হয়েছে পাঁচ ক্রিকেটারকে। একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ থাকবেন ওই পাঁচজন।নিষিদ্ধ পাঁচ ক্রিকেটার হলেন পুনের মোহনিশ মিশ্র, ডেকানের টিপি সুধীন্দ্র, পাঞ্জাবের শালাভ শ্রীবাস্তব ও অমিত যাদব এবং অভিনব বালি। বালি কোনো আইপিএল দলের নয়। বোমাটা ফাটিয়েছে ইন্ডিয়া টিভি। ভিডিওতে দেখা গেছে, ঘরোয়া ওয়ানডে প্রতিযোগিতায় একজন বোলার বিশাল এক নো বল করছেন। এর সঙ্গে রেকর্ড করা ফোনালাপ শোনানো হয়েছে, যেখানে একজন বর্তমান আইপিএল ক্রিকেটার নো বলের জন্য টাকা চাইছেন। ক্যামেরায় ধরা পড়েছেন আরও তিনজন, এজেন্টের ছদ্মবেশধারী প্রতিবেদকের কাছে যাঁরা আইপিএলের চুক্তির শর্ত ভঙ্গ করে অন্য ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আরও লোভনীয় চুক্তি করতে চেয়েছেন। ওয়েবসাইট।