তাঁর দায়িত্বটা অন্তর্বর্তীকালীন। আইপিএলকে ‘শুদ্ধ’ করাটাকেই আপাতত প্রথম কাজ বলে ঠিক করেছেন জগমোহন ডালমিয়া। কতটা সফল হবেন কিংবা আদৌ সফল হবেন কি না, সেটা সময় বলে দেবে। কিন্তু পরশু দিল্লিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে প্রথম সভাতেই আইপিএল শুদ্ধি অভিযানের পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছেন তিনি।
‘অপারেশন ক্লিন আপ’ নামের এই শুদ্ধি অভিযানে যে প্রস্তাবগুলো রাখা হয়েছে, তা বাস্তবায়িত হলে পরের আসর থেকে আইপিএলে কোনো চিয়ার লিডার দেখা যাবে না। থাকবে না ম্যাচ শেষে কোনো নৈশ পার্টিও। এসব পার্টিতেই নাকি বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে পরিচয় হয় ক্রিকেটারদের, যাঁদের অনেকের ফাঁদে পড়ে তাঁরা জড়িয়ে যান ফিক্সিংয়ের অন্ধকার জগতে। এ ছাড়া এখন থেকে সব ক্রিকেটারকে তাঁর আয়ের উৎস জানাতে হবে। একই সঙ্গে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির মালিককে দলের ক্রিকেটার ও অন্য কর্মকর্তাদের সঙ্গে তাঁদের চুক্তি ও দেনা-পাওনার স্বচ্ছ হিসাব রাখতে হবে। ড্রেসিংরুমে ও ডাগআউটে দলের মালিকদের প্রবেশাধিকারের ব্যাপারে আরও কড়াকড়ি করা হবে।
জাতীয় দলের কোনো নির্বাচক আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত হতে পারবেন না বলেও জানিয়ে দিয়েছেন ডালমিয়া। যদিও বর্তমান নির্বাচকদের কেউ আইপিএলের কোনো দলের সঙ্গে যুক্ত নন, তবে সাবেক প্রধান নির্বাচক কৃষ্ণমাচারী শ্রীকান্ত আইপিএলের প্রথম আসরে চেন্নাই সুপার কিংসের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছেন। একই সভায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রাজস্থান রয়্যালসের অন্যতম স্বত্বাধিকারী ও বলিউডের অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার ওপর। তাঁর বিরুদ্ধে চলমান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রিকেটের সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা রাখতে পারবেন না কুন্দ্রা।
দিল্লির সভায় ডালমিয়া যখন ব্যস্ত আইপিএলের কলঙ্কমোচনে, একই দিনে দিল্লি কোর্ট জামিনে মুক্তি দিয়েছেন স্পট ফিক্সিংয়ের অভিযোগে আটক ক্রিকেটার শ্রীশান্ত, অঙ্কিত চাভান ছাড়াও আরও ১৭ জনকে। বিচারক জানিয়েছেন, সংঘটিত অপরাধ ও সন্ত্রাস দমনে করা বিশেষ আইনে (মহারাষ্ট্র কন্ট্রোল অব অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট: মকোকা) তাঁদের আটক রাখার মতো যথেষ্ট প্রমাণ দেখাতে পারেনি দিল্লি পুলিশ। ফলে আগামীকালই হয়তো তিহার জেল থেকে মুক্তি পেয়ে যাবেন তাঁরা। যদিও তাঁদের সবার বিরুদ্ধে ফিক্সিং এবং প্রতারণা ও ষড়যন্ত্রের অভিযোগে তদন্ত চলবে আগের মতো। এই সময়টায় মুক্তিপ্রাপ্ত সবাইকে তাঁদের পাসপোর্ট পুলিশের কাছে জমা রাখারও নির্দেশ দিয়েছেন আদালত। তথ্যসূত্র: ক্রিকইনফো।