আইপিএলে সর্বনাশ দেখছেন শোয়েব
নিজেই বলেছেন, টাকার অভাবে ক্রিকেটারদের চরিত্র নষ্ট হচ্ছে। সেই শোয়েব আখতারই আবার স্ববিরোধী মন্তব্য করলেন। বললেন, টাকাই সর্বনাশ করছে উদীয়মান ক্রিকেটারদের। আইপিএলের জমানায় ক্রিকেটে দেদার টাকার পাশাপাশি যোগ হয়েছে গ্ল্যামারও। খেলোয়াড়ি জীবনে পাকিস্তানের ক্রিকেটের ‘ব্যাড বয়’ খ্যাতি পাওয়া সাবেক গতিতারকা শোয়েবের মতে, টাকা আর গ্ল্যামারের চক্করে পড়ে অনেক তরুণই সর্বনাশ করছেন নিজেদের।‘আপনি কীভাবে একটা ১৮ বছর বয়সী ছেলেকে মেয়েদের দিকে তাকাতে বারণ করতে পারেন? উঠতি তারকাদের থাকে যশ আর নারীর লোভনীয় হাতছানি। ২০ বছর বয়সেই যদি আপনি খ্যাতি পেয়ে যান, পকেটে কোটি কোটি টাকা থাকে, আপনাকে ভুল পথে নিয়ে যাওয়ার লোকের অভাব হবে না’—ভারতীয় একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন শোয়েব।আইপিএল ক্রিকেটের সর্বনাশ করছে বলেই মনে করেন তিনি। আইপিএলের কারণে ক্রিকেটের আদি মূল্যবোধগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। ভারতীয় টি-টোয়েন্টি লিগটি শোয়েবের চোখে, ‘ব্যবসা আর বিনোদন; ক্রিকেট নয়’। বলেছেন, ‘আইপিএলকে আদর্শ মানার কোনো কারণ নেই। আইপিএল কোনো ক্রিকেটই নয়। ক্রিকেটে উৎকর্ষের জন্য এটা ভারতের জন্য কোনো মানদণ্ড হতে পারে না। ফার্স্ট ক্লাস ক্রিকেটকে ছাড় দিয়ে যদি আইপিএলের এই শান শওকত হয়, সেটি খুবই খারাপ। সবচেয়ে বাজে ব্যাপার হলো, আইপিএল ক্রিকেটারদের লক্ষ্য আর স্বপ্নকে ছোট করে দিতে পারে।’হচ্ছেও। আইপিএলে খেলেই ভারতের অনেক উদীয়মান ক্রিকেটার যা আয় করছেন, বিশ্বের বাকি অনেক দেশের টেস্ট ক্রিকেটারের আয় তার চেয়ে অনেক কম। শোয়েব মনে করেন, আইপিএল ক্ষতি করছে আরেক দিক দিয়েও, ‘গ্রাম থেকে উঠে আসা নিষ্পাপ ছেলেরা গ্ল্যামার আর টাকার ককটেলে হকচকিয়ে যাচ্ছে। আইপিএলের দলগুলোর মালিকের দায়িত্ব তাদের তরুণ ক্রিকেটারদের আড়াল করে রাখা।’ এখন অনেকেই বুঝছে না কিংবা বুঝেও না বোঝার ভাণ করছে। তবে আইপিএল ভারতের ক্রিকেটের জন্য চূড়ান্ত সর্বনাশ ডেকে আনবে বলেই মনে করেন তিনি, ‘চার-পাঁচ বছরের মধ্যে ভারতীয় ক্রিকেটের রিজার্ভ খেলোয়াড়দের শক্তিমত্তায় এটি নেতিবাচক প্রভাব ফেলবে। আইপিএল থেকে কখনোই আরেকটি শচীন টেন্ডুলকারের জন্ম হবে না। কপিল, শচীন, দ্রাবিড়রা আইপিএল থেকে জন্মাতে পারে না।’ ওয়েবসাইট।