আইপিএলে ৯ কোটি ডলারের নিলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলে হয়তো লোলিত মোদির আধিপত্যের দিন আর নেই। কিন্তু তিন বছর আগে মোদির প্রতিষ্ঠিত আইপিএল প্রহর গুনছে তাঁর চতুর্থ আয়োজনের। আজ শনিবার থেকে শুরু হচ্ছে ভারতের ঘরোয়া ক্রিকেটের বর্ণাঢ্য টি-টোয়েন্টি আসর আইপিএলের চতুর্থ আসরের খেলোয়াড় নিলাম। বলিউডি গ্ল্যামার আর স্পন্সরদের অর্থের ঝনঝনানিতে অনেক আগেই ‘শো পিস’ ইভেন্টে পরিণত হওয়া আইপিএল সাম্প্রতিককালে নানা বিতর্কের জন্ম দিলেও দর্শকদের কাছে এর আবেদন হয়ত এখনো ফুরিয়ে যায়নি। আর সে কারণেই এতে অংশগ্রহণকারী ১০টি ফ্র্যাঞ্চাইজ মোট ৩৫০ জন খেলোয়াড়কে নিয়ে আজ থেকে নেমে যাবে অন্য রকম এক লড়াইয়ে। এই লড়াই নিজের দলীয় শক্তি নির্ধারণ করে নেওয়ার আর নিজেদেরকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসার। আইপিএলে মাঠের লড়াইয়ের চেয়ে আলোচনার টেবিলের অবস্থানও যে কম যায় না তাতো প্রমাণিত হয়ে গেছে গত তিনটি আসরেই।এবারের আইপিএলে দলগুলো প্রায় ৯ কোটি ডলার নিয়ে নিলামের বাজারে নামছে। গত তিনটি আসরে অংশ নেওয়া আটটি ফ্র্যাঞ্চাইজের পাশাপাশি এবার নতুন দুটি দল—কোচি আইপিএল ও সাহারা পুনে ওরিয়র্স এবার আইপিএলের নিলাম লড়াইয়ে নিয়ে এসেছে ভিন্ন মাত্রা। নতুন দুটি দলের উপস্থিতিতে এবারের নিলাম হবে আগের চেয়ে আকর্ষণীয়—এ মত অনেক বিশ্লেষকেরই।বলিউড তারকা শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স নাকি গত তিন বছরে তাঁদের অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে কিনছেন না। শাহরুখ খান নিজেও এবারের আইপিএল নিলাম নিয়েও নাকি খুব একটা উত্সাহী নন।আগের বছরগুলোতে নিয়মিত খেলেছেন এমন মাত্র ১২ জন খেলোয়াড়কে এবারও দলে রাখছে পাঁচটি ফ্র্যাঞ্চাইজ। এঁদের মধ্যে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ানসের শচীন টেন্ডুলকর ও চেন্নাই সুপারকিংসের মহেন্দ্র সিং ধোনি। বাকিদের ভাগ্য নির্ধারিত হবে নিলামের টেবিলেই।বিদেশি খেলোযাড়দের মধ্যে এবারের আইপিএলের অন্যতম আকর্ষণ হতে পারেন সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান গ্রেট ব্রায়ান লারা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নেওয়ায় এই দুরন্ত ব্যাটসম্যান অনেক ফ্র্যাঞ্চাইজের জন্যই আরাধ্য খেলোয়াড় হতে পারেন। সদ্য অ্যাশেজ জয়ী ইংলিশ দলের খেলোয়াড়েরাও এবারের আইপিএলের লোভনীয় তারকা। জেমস অ্যান্ডারসনের সর্বনিম্ন বেজ প্রাইস প্রায় চার লাখ ডলার। বাংলাদেশের অধিনায়ক ও বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসানও লোভনীয় নিলাম পণ্যে পরিণত হতে পারেন। তাঁর বেজ মূল্য ধরা হয়েছে দুই লাখ ডলার। এনডিটিভি অনলাইন/টাইমস অব ইন্ডিয়া।