আইপিএলে...একমাত্র বাংলাদেশি
প্রথম দিন কেউ ডাকেনি। তামিম ইকবালের আইপিএল সম্ভাবনা তবু ছিল, অবিক্রীত ক্রিকেটারদের নিলামে হয়তো কোনো দল কিনতে পারত তাঁকে। কিন্তু অবিক্রীত ক্রিকেটারদের নিলামের লটারিতে নামই উঠল না তামিমের। এর আগে কাল বাংলাদেশের আর কোনো ক্রিকেটার আকৃষ্ট করতে পারেনি কোনো দলকে। আইপিএলের চতুর্থ আসরে সাকিব আল হাসানই তাই থাকছেন বাংলাদেশের একমাত্র প্রতিনিধি।বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে কাল প্রথম উঠেছিল আবদুর রাজ্জাকের নাম। এরপর পর্যায়ক্রমে সোহরাওয়ার্দী, মাহমুদউল্লাহ, ইমরুল, জুনায়েদ, নাঈম, মাশরাফি, শাহরিয়ার, রাসেল, শফিউল, রুবেল, শাহাদাত ও রকিবুলের নাম। মাশরাফি ও শাহরিয়ারের ন্যূনতম মূল্য ছিল ১ লাখ ডলার, রুবেল হোসেনের ২০ হাজার। বাকি সবার ৫০ হাজার। আইপিএল নিলামের দ্বিতীয় ও শেষ দিনে সবচেয়ে বড় চমক নিঃসন্দেহে ড্যানিয়েল ক্রিস্টিয়ান। ৫০ হাজার ডলার ন্যূনতম মূল্যের নিউ সাউথ ওয়েলস অলরাউন্ডারকে ৯ লাখ ডলারে কিনে নিয়েছে ডেকান চার্জার্স। তরুণ পেসার উমেশ যাদবের সাড়ে সাত লাখ ও ভেনু গোপাল রাওয়ের সাত লাখও ছিল বিস্ময়কর। দুজনকেই কিনেছে দিল্লি ডেয়ার ডেভিলস। আবার শন টেইটকে রাজস্থান ধরে রেখেছে অপ্রত্যাশিত কম দামে (৩ লাখ ডলার)।প্রথমবার অবিক্রীতদের মধ্যে সবচেয়ে বেশি দাম উঠেছে মুরালি কার্তিকের, বাঁহাতি স্পিনারকে ৪ লাখ ডলারে কিনেছে পুনে। কার্তিকের মতো দ্বিতীয়বারে দল পেয়েছেন জেসি রাইডার, দিমিত্রি মাসকারেনহাস, রাস্টি থেরন, মাইকেল লাম্ব, এইডেন ব্লিজার্ড, মোহাম্মদ কাইফরা। ওয়েবসাইট।