আইপিএলেই ক্রিকেটের সর্বনাশ!
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় তো হলো। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট কি পারবে সুসময় ফিরে পাওয়ার পথে এগিয়ে যেতে? ক্যারিবিয়ায় আশায় বুক বাঁধছেন অনেকে। কিন্তু ক্যারিবিয়ার বাইরে থাকা এক ক্যারিবিয়ানের মনে কিন্তু শঙ্কার পাহাড়। কার্ল হুপারের শঙ্কা, শীর্ষ ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির আওতায় আনতে না পারলে লাভ নেই। কারণ ক্রিকেটের সর্বনাশের জন্য আছে এখন আইপিএল!হুপারের শঙ্কাটা অমূলক নয়। ওয়েস্ট ইন্ডিজ দলের প্রাণভোমরা ক্রিস গেইলসহ ডোয়াইন ব্রাভো, সুনীল নারাইন, কাইরন পোলার্ডরা বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে সই করেননি। ফ্রিল্যান্স ক্রিকেটার হয়ে বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোয় খেলাকেই শ্রেয় মনে হয়েছে তাঁদের। অস্ট্রেলিয়াপ্রবাসী সাবেক উইন্ডিজ অধিনায়ক হুপারের পরামর্শ, যে করেই হোক গেইলদের চুক্তিতে বাঁধতে হবে, ‘এ মুহূর্তে ক্রিকেটের সবচেয়ে বড় হুমকি আইপিএল। দর্শক সব সময় সেরা ক্রিকেটারদের খেলা দেখতে চায়। যদি কেউ দেখে যে দলে গেইল বা অন্যান্য সেরা ক্রিকেটার নেই, তাহলে কেন খেলা দেখতে যাবে? গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের চুক্তিতে আনার একটা পথ বের করতে হবে। নারাইন যদি চুক্তিতে আসে, তার মানে ওয়েস্ট ইন্ডিজের সব ম্যাচেই ওকে খেলতে হবে। প্রতিটি ম্যাচেই দলের সেরাদের নিয়ে নামাটাই কাম্য।’টি-টোয়েন্টিকেই ক্রিকেটের ভবিষ্যৎ মনে করেন যাঁরা, তাঁদের সঙ্গেও একমত নন ১০২ টেস্ট ও ২২৭ ওয়ানডে খেলা অলরাউন্ডার, ‘আমি হয়তো পুরোনো ধ্যানধারণায় বিশ্বাসী, আমি টেস্ট ক্রিকেটে বিশ্বাস করি। টেস্ট ক্রিকেটের ভিত্তিটা যদি বলিষ্ঠ থাকে, তা হলে যেকোনো ফরম্যাটেই মানিয়ে নেওয়া যায়।’ ওয়েবসাইট।