আইপিএলের উপহার!
বিতর্ক যেন পিছুই ছাড়ছে না আইপিএলের। একের পর এক বেখবরে ভদ্র মুখোশের আড়ালে থাকা আইপিএলের কদর্য চেহারাটাও বেরিয়ে আসছে। স্পট ফিক্সিংয়ের অভিযোগে পাঁচ খেলোয়াড়ের নিষিদ্ধ হওয়া, করসংক্রান্ত ঝামেলায় সরকারের সঙ্গে টানাপোড়েন, মাঠে শাহরুখ খানের অপদস্থ হওয়া, এক খেলোয়াড়ের হাতে শারীরিকভাবে নিগৃহীত হওয়ার অভিযোগে মামলা ঠুকে দেওয়া মার্কিন নারীর...। এসব নেতিবাচক খবরের তালিকায় এবার যুক্ত হলো দুই খেলোয়াড়ের গ্রেপ্তার হওয়াও। মুম্বাইয়ের এক উচ্ছৃঙ্খল নৈশপার্টি থেকে ৯৪ জনকে গ্রেপ্তার করেছিল মুম্বাই পুলিশ। এদের মধ্যে ছিলেন পুনে ওয়ারিয়র্সের দুই ক্রিকেটার রাহুল শর্মা ও ওয়েইন পারনেল।ওই পার্টি থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাদকও জব্দ করেছে পুলিশ। যদিও রাহুল দাবি করেছেন, কোনো মাদক তিনি নেননি। যদি প্রমাণিত হয় তিনি মাদক নিয়েছেন, তাহলে ক্রিকেটও ছেড়ে দেবেন বলে মন্তব্য করেছেন এই ভারতীয় ক্রিকেটার। রাহুলের দাবি, পারনেলের অনুরোধেই জন্মদিনের একটি পার্টিতে গিয়েছিলেন। পাঞ্জাব পুলিশের সাব-ইন্সপেক্টর পদে কর্মরত পিতার সন্তান রাহুলের দাবি, কোনো ‘রেভ পার্টি’তে যাওয়া তো দূরের কথা, তিনি এ ধরনের পার্টির নাম এই প্রথম শুনেছেন।আইপিএল নিয়ে কিছুদিন ধরে যা হচ্ছে, এ নিয়ে সাবেক ক্রিকেটার কীর্তি আজাদ কঠিন কঠিন কথা বলে যাচ্ছেন। বিজেপির সাংসদ আজাদ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সমালোচনা করে বলেছেন, ‘কোনো দায়িত্ববোধ নেই, বিসিসিআই যেন সোমালিয়ান জলদস্যু।’ আইপিএলের নামে ক্রিকেটের সঙ্গে গ্ল্যামার মিশিয়ে মসলামুড়ির যে ক্রিকেট বিসিসিআই বিক্রি করছে, তারও ঘোর বিরোধী তিনি। তাঁর দাবি এ ধরনের টুর্নামেন্টই ক্রিকেটারদের নৈতিক স্খলন ঘটাচ্ছে, ‘কোনো কোনো খেলোয়াড় রেভ পার্টিতে যাচ্ছে, যা খুশি তাই করছে। এটা মোটেও ছোটখাটো বিষয় নয়। নিয়মশৃঙ্খলার দিক থেকে এটা অনেক বড় ব্যাপার। খেলাটার এই সংস্করণ ক্রিকেটের শৃঙ্খলা পুরো ভেঙে ফেলছে। এ সমস্যার মূলে তাকানো এখন জরুরি হয়ে উঠেছে বলে আমি মনে করি।’আইপিএলে ম্যাচের বাইরে ক্রিকেটারদের পার্টিতে যাওয়া নিয়ে এর আগেও সমালোচনা হয়েছিল। তবে পার্টি থেকে ক্রিকেটার গ্রেপ্তার হওয়ার ঘটনা এই প্রথম। ওই দুই ক্রিকেটারের মূত্রনমুনা নিয়ে পরীক্ষার জন্য পাঠিয়ে দিয়েছে পুলিশ। দুই ক্রিকেটার আপাতত মুক্ত। তবে পরীক্ষায় যদি প্রমাণিত হয় তাঁরা মাদক নিয়েছিলেন, ভালোই ঝামেলায় পড়বেন। ওয়েবসাইট।