আইপিএলের চেয়ে দেশ বড়: ক্লার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি নিয়ে ক্রিকেটারদের মধ্যে রয়েছে বিস্তর অভিযোগ। অনেকেরই মতে, এই সূচি ক্রিকেটারদের ক্যারিয়ার দীর্ঘ করার পথে প্রধানতম অন্তরায়। বর্তমানে ক্রিকেটের সূচিকে কীভাবে সহনীয় পর্যায়ে রাখা যায়, তা নিয়ে এন্তার গবেষণা করেও ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি কার্যকর তেমন কিছু তৈরি করতে পারেনি। ক্রিকেটের সূচি নিয়ে অনেকে অনেক কথা বললেও ক্রিকেটের ডিম পাড়া সোনার হাঁস টি-টোয়েন্টির হাতছানিও আবার উপেক্ষা করতে পারছেন না কোনো ক্রিকেটারই। একদিকে টি-টোয়েন্টি ক্রিকেটে অর্থের হাতছানি, অন্যদিকে নিজের দেশকে প্রতিনিধিত্ব করার গর্ব—এই দুয়ের চাপে একেকজন আন্তর্জাতিক ক্রিকেটার পরিণত হয়েছেন রেসের মাঠের ঘোড়ার মতোই। যাঁর বিশ্রাম নেই, অন্য জীবন নেই, পরিবার নেই, এমন একটি পরিস্থিতিতে খেলোয়াড়দের আর সবকিছুকে ছাপিয়ে দেশের হয়ে খেলার গর্বকেই বেছে নিতে বলেছেন অস্ট্রেলীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক মাইকেল ক্লার্ক।ভারতের সঙ্গে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে তিনি বলেছেন, ক্রিকেটের ব্যস্ত সূচির মধ্যে ক্রিকেটাররা যদি নিজেদের বিশ্রামহীন মনে করেন, তাহলে তাঁদের উচিত, আইপিএল ও চ্যাম্পিয়নস লিগের মতো আসরগুলোর সময়ই বিশ্রামে যাওয়া। প্রত্যেক ক্রিকেটারেরই উচিত, জাতীয় দলের হয়ে খেলার সময় সজীব ও চোটমুক্ত থাকা।মাইকেল ক্লার্ক গত বছর অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ভারত সফরের কথা উল্লেখ করে বলেন, গতবার ওয়ানডে সিরিজের ঠিক আগে ব্রেট লি ও নাথান হারিজ দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। তাঁরা ব্যস্ত ছিলেন চ্যাম্পিয়নস লিগ নিয়ে। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে লি মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছিলেন।দেশের হয়ে খেলাই একজন ক্রিকেটারের অগ্রাধিকার, এমনটাই মনে করেন মাইকেল ক্লার্ক। তিনি বলেন, দেশের হয়ে খেলা অগ্রাধিকার। বাকি সব খেলা না খেললেও চলে। আইপিএল ও চ্যাম্পিয়নস লিগের চেয়ে দেশের জার্সি গায়ে দেশকে প্রতিনিধিত্ব করা অনেক বেশি সম্মানের।ক্রিকেটের ব্যস্ত সূচির মধ্যে আইপিএল ও চ্যাম্পিয়নস লিগ খেলা যতটা সম্ভব পরিহার করা উচিত বলে মনে করেন ক্লার্ক। তিনি বলেন, দেশের হয়ে টেস্ট ও ওয়ানডে খেলে যখন খেলোয়াড়েরা ক্লান্ত, তখন আলাদাভাবে আইপিএল ও চ্যাম্পিয়নস লিগ একটা বাড়তি বোঝা।মাইকেল ক্লার্ক এমন সুন্দর সুন্দর কথা বলতেই পারেন। কারণ তিনি যে এখনো আইপিএল কিংবা চ্যাম্পিয়নস লিগ কোনোটাই খেলেননি। তবে যাঁরা খেলেছেন, তাঁদের পক্ষে অর্থের ঝনঝনানি উপেক্ষা করা কি খুব সহজ ব্যাপার হবে? ক্লার্ক অবশ্য এমন কোনো প্রশ্নের উত্তর দেননি।