আইপিএলের জনক এবার বানাচ্ছেন আরপিএল!

ভারতীয় ক্রিকেটে এই মুহূর্তে যেন মসলাদার গল্পে ভরপুর বলিউডি ছবিই চলছে। ছবির শেষাংশে নায়কের প্রত্যাবর্তন হয় খলনায়কের ওপর প্রতিশোধ নিতে। ললিত মোদিও যেমন আবার ফিরে আসছেন ক্রিকেটে, যদিও তাঁকে নায়ক বলতে আপত্তি জানাবেন অনেকেই। সে যা-ই হোক, যাঁর মাথা থেকে বেরিয়েছে ক্রিকেটের সোনার ডিম পাড়া হাঁস হয়ে ওঠা টুর্নামেন্ট আইপিএল, সেই মোদি রাজস্থান ক্রিকেট সংস্থায় (আরসিএ) ফিরেই এবার পরিকল্পনা করছেন এ রকম আরেকটি টুর্নামেন্ট করার। যে টুর্নামেন্টের নাম হতে পারে রাজস্থান প্রিমিয়ার লিগ (আরপিএল)।
গতকাল মঙ্গলবার আরসিএর নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যের প্রথম বৈঠক হয়েছে। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকের সভাপতিত্ব করেছেন মোদি। দুই ঘণ্টার এই বৈঠকে আইপিএলের প্রথম কমিশনার মোদি রাজস্থানের ক্রিকেট নিয়ে তাঁর দীর্ঘ পরিকল্পনার কথা তুলে ধরেন।
রাজস্থানে আটটি ক্রিকেট একাডেমি বানানোর কথা বলেছেন মোদি। সবগুলোই হবে বিশ্বমানের সুযোগ-সুবিধা সম্পন্ন। এর মধ্যে প্রথম একাডেমি হবে রাজস্থানে, যেটির দায়িত্ব নিতে পারেন ভারতের সাবেক কোচ গ্রেগ চ্যাপেল। শুধু রাজস্থানের জন্য একটি প্রিমিয়ার লিগ করার কথাও ভাবছেন মোদি।
এদিকে মোদিকে আরসিএর প্রেসিডেন্ট নির্বাচিত করায় সংস্থাটির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যদিও আরসিএর দাবি, এই এখতিয়ার বিসিসিআইয়ের নেই। ব্যাপারটি আদালত পর্যন্ত গড়িয়েছে।