আইপিএলের জন্য জায়গা নেই এফটিপিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাবিটা ভারতীয় ক্রিকেট বোর্ড, আইপিএল কর্তৃপক্ষ তো বটেই, বিশ্বের নামীদামি অনেক ক্রিকেটারেরই ছিল। আইসিসির ভবিষ্যত্ সফর সূচিতে (এফটিপি) আইপিএলের জন্য আলাদা জায়গা বরাদ্দ দেওয়া হোক, এ দাবি। উদ্দেশ্য, আইপিএল চলার সময় জাতীয় দলের কোনো খেলা না থাকে। ক্রিকেটারদের অংশ নেওয়ার ক্ষেত্রে যেন জাতীয় দলের সূচিতে যেন বিরোধ সৃষ্টি না হয়। দাবির পক্ষে-বিপক্ষে অনেকে অনেক যুক্তিই দেবেন। তবে নানা যুক্তিতর্ক শেষে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ঘোষণা দিয়েছে, আইপিএলের জন্য আলাদা জায়গা বরাদ্দ দেওয়া সম্ভব নয়। আইসিসির যুক্তি, আইপিএল ভারতের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট। অনেক দেশেই এ রকম প্রতিযোগিতা আছে। বাংলাদেশ আয়োজন করছে বিপিএল। পাকিস্তান ও শ্রীলঙ্কা একই ধরনের প্রতিযোগিতা আয়োজন করতে চলেছে। এখন আইপিএলকে আলাদা জায়গা বরাদ্দ দেওয়া হলে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কাও তো একই সুবিধা চাইতে পারে।আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাতের প্রশ্ন, আইপিএলের জন্য আলাদা জায়গা দিলে বিগ ব্যাশ লিগের ক্ষেত্রে আমরা কী করব? অন্য প্রিমিয়ার লিগগুলোর ক্ষেত্রে কী করবে? শ্রীলঙ্কা প্রতিযোগিতা আয়োজন করতে চলেছে। বাংলাদেশে প্রিমিয়ার লিগ রয়েছে।অস্ট্রেলিয়ার মেলবোর্নে লরগাত বলেন, ‘আমি জানি, অনেকেই বলবেন আইপিএল জনপ্রিয় কিন্তু সমস্যা হলো, একটিকে সুবিধা দিলেও বাকিদেরও একই সুবিধা দিতে হবে। এ কারণেই এ ধরনের ঘরোয়া লিগের জন্য বাড়তি সুবিধা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাউদারল্যান্ড বলেছেন, ‘আমি মনে করি, আইপিএলের খেলার জন্য ঘরোয়াভাবে এমনিতেই বিশেষ জায়গা বরাদ্দ দেওয়া আছে। ক্রিকেটাররা যেন আইপিএলে খেলতে পারেন, এ চেষ্টাই করে দেশগুলো।’ সূত্র: পিটিআই।