আইপিএলের জাঁকজমক আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক সমালোচনা থাকলেও ক্রিকেট জগতে আইপিএল যে নতুন এক মাত্রা যোগ করেছে—এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই। ক্রিকেটাঙ্গনে এত সফল ও জনপ্রিয় কোনো ঘরোয়া প্রতিযোগিতার আয়োজনও দেখা যায়নি আইপিএলের আগে। ২০০৮ সালে যাত্রা শুরু করার পর আইপিএলের পাঁচটি সফল আসর প্রত্যক্ষ করেছেন ক্রিকেটপ্রেমীরা। আর এবার চলে এসেছে ষষ্ঠ আসরের মাহেন্দ্রক্ষণ। আজ কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে (সল্ট লেক স্টেডিয়াম) জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠতে যাচ্ছে আইপিএলের ষষ্ঠ আসরের। যথারীতি উদ্বোধনী অনুষ্ঠানে এবারও সম্মিলন ঘটতে যাচ্ছে ভারতের ক্রিকেট ও বিনোদন জগতের তারকাদের। গত আসরের শিরোপা জেতার সুবাদে এবারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের অধিকার পেয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। যুবভারতী ক্রীড়াঙ্গনে জমকালো এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন বলিউড তারকা শাহরুখ খান, ক্যাটরিনা কাইফসহ আরও অনেকে। এ ছাড়া থাকবেন ফ্লাইং ড্রামারস, চীনের যন্ত্রশিল্পী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন র্যাপার পিটবুল। বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে আইপিএলের ষষ্ঠ আসরের এই জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।৩ এপ্রিল থেকে শুরু হবে ষষ্ঠ আইপিএলের ব্যাট-বলের লড়াই। প্রথম ম্যাচে গতবারের শিরোপাজয়ী কলকাতা নাইট রাইডার্স মাঠে নামবে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে। শিরোপাজয়ী দল হিসেবে প্রথম ম্যাচটা নিজেদের মাঠে খেলার সুযোগ পাচ্ছে কলকাতা।আইপিএলের এবারের আসরে শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামবে মোট নয়টি দল। কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, দিল্লি ডেয়ারডেভিলস, কিংস ইলেভেন পাঞ্জাব, মুম্বাই ইন্ডিয়ানস, পুনে ওরিয়র্স, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে এবার নতুন দল হিসেবে যোগ দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। পিটিআই