আইপিএলের তিন অধিনায়ক লঙ্কান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্জুনা রানাতুঙ্গার আহ্বানে সাড়া দেননি সাঙ্গাকারা-জয়াবর্ধনেরা। আইপিএল বর্জন করার মতো মানসিক শক্তি হয়তো জোগাড় করে উঠতে পারেননি তাঁরা। তবে চমকে দিলেন দিনেশ চান্ডিমাল। এবারের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক। যদিও রানাতুঙ্গার আহ্বান বা রাজনৈতিক কারণে নয়, চান্ডিমাল আইপিএল খেলছেন না নিবিড় অনুশীলন ও ইংরেজি শিক্ষার ক্লাসের কারণে। কড়কড়ে ডলারের সঙ্গে বিনোদনের অফুরন্ত সম্ভার মিলিয়ে আইপিএলের ডাক প্রায় সবার কাছে লক্ষ্মীর মতো। এই লক্ষ্মীকে উপেক্ষার জন্য সাধুবাদ পেতেই পারেন তরুণ এই ব্যাটসম্যান।আইপিএলের ১৩ শ্রীলঙ্কানের তালিকায় অবশ্য চান্ডিমাল নেই। গতবারের দল রাজস্থান রয়্যালস তাঁকে ছেড়ে দিয়েছে। এবার নিলামেও অবিক্রীত ছিলেন। তবে চোট পাওয়া এক ক্রিকেটারের বদলি হিসেবে একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে প্রায় পাকা কথা দিয়ে ফেলেছিলেন। সে ক্ষেত্রে ভিত্তিমূল্য ১ লাখ ডলার কিংবা তার বেশি অর্থ হয়তো পেতেন। কিন্তু শেষ মুহূর্তে প্রস্তাব ফিরিয়ে দিলেন নিজেকে আরও সমৃদ্ধ করতে। জুনে চ্যাম্পিয়নস ট্রফি খেলবে শ্রীলঙ্কা। এরপর আছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ, এর পরপরই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ। এই সিরিজগুলোর জন্য নিজেকে প্রস্তুত করতে চান চান্ডিমাল।২৩ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটসম্যান গুরুত্ব দিচ্ছেন ইংরেজি শিক্ষাটাকেও। টি-টোয়েন্টির অধিনায়ক তিনি, টেস্ট ও ওয়ানডের সহ-অধিনায়ক। শ্রীলঙ্কা তাঁকে গড়ে তুলছে ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে। কিন্তু ইংরেজি ভাষায় তাঁর দখল ততটা ভালো নয়। এই ফাঁকা সময়টাতে তাই ইংরেজি শেখায় জোর দিতে চান।চান্ডিমাল না খেললেও খেলছেন তাঁর স্বদেশি অন্য সতীর্থরা। বরং লঙ্কান খেলোয়াড়দের ওপর কমবেশি নির্ভরতা সবগুলো দলের। তিনটি দলের তো অধিনায়কই লঙ্কান! বীরেন্দর শেবাগ নেতৃত্ব ছাড়ায় এবার দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। সৌরভ গাঙ্গুলী, মাইকেল ক্লার্করা না থাকায় শেষ পর্যন্ত পুনে ওয়ারিয়র্সের নেতৃত্ব দেওয়া হয়েছে অ্যাঞ্জেলো ম্যাথুসকে। আর নতুন মালিকানায় নতুন নাম নিয়ে আসা হায়দরাবাদের দল সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কুমার সাঙ্গাকারা। ওয়েবসাইট।