আইপিএলের দামী তারকা গৌতম গম্ভীর
আইপিএলের নিলামে শনিবার সর্বোচ্চ ২৪ লাখ ডলারে গৌতম গম্ভীরকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে গত তিন আসরে, কলকাতার অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবারের নিলামে অবিক্রীত রয়ে গেছেন। শনিবার শুরু হওয়া আইপিএলের চতুর্থ আসরেরর আরেক অবিক্রীত আলোচিত মুখ ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান ক্রিস গেইল।এবারের আইপিএলে ভারতীয় ক্রিকেটে নতুন দিনের তারকাদেরই জয়জয়কার। গৌতম গম্ভীরের পরপরই ২১ লাখ ডলারে বিক্রি হয়েছেন ইউসুফ পাঠান ও রবিন উথাপ্পা। ইউসুফকে কিনেছে কলকাতা ও উথাপ্পার ঠিকানা হতে যাচ্ছে আইপিএলের নতুন দল পুনে ওয়ারিয়র্স। ভারতের আরেক তরুণ তুর্কী রহিত শর্মাকে ২০ লাখ ডলারে কিনেছেন আম্বানিদের মালিকানাধীন মুম্বাই ইন্ডিয়ানস। পাঠান পরিবারের আরেক সদস্য বাঁ-হাতি পেসার ইরফান পাঠান এবার আর কিংস ইলেভেন পঞ্জাবের খেলোয়াড় নন। তাঁকে ১৯ লাখ ডলারে কিনে নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। পাঞ্জাবের আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় যুবরাজ সিংয়ের এবারের আইপিএল ঠিকানা পুনে। এই মারকুটে ব্যাটসম্যানের দর উঠেছে এবার ১৮ লাখ ডলার।ভারতীয় খেলোয়াড়দের পাশাপাশি সর্বোচ্চ দরের বিদেশী হিসেবে শ্রীলঙ্কার অধিনায়ক মহেলা জয়বর্ধনের নাম উঠে এসেছে। এবারের আইপিএলে তিনি খেলবেন নতুন ফ্র্যাঞ্চাইজ কোচিতে। কোচি তাঁকে চেন্নাই সুপার কিংসের কাছ থেকে নিয়ে নিয়েছে ১৫ লাখ ডলারে। এছাড়া বিদেশীদের মধ্যে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দেরই জয়জয়কার দেখা যাচ্ছে চারিদিকে। জ্যাক ক্যালিস, এবি ডি ভিলিয়ার্স জন বোথা তিনজনেই বিকিয়েছেন নয় লাখ ডলার থেকে এগারো লাখ ডলারের মধ্যে। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক ক্যামেরুন হোয়াইট খেলবেন ডেকান চার্জার্সে ১১ লাখ ডলারে। এছাড়া নিউজিল্যান্ডের রস টেইলরের ঠিকানা হতে চলেছে রাজস্থান রয়েলসে দশ লাখ ডলারে।নিলামে দশ লাখ ডলারের নিচে বিক্রি হওয়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন, অ্যান্ড্রু সাইমন্ডস (মুম্বাই ইন্ডিয়ানস), শ্রীশান্ত (কোচি), অ্যাডাম গিলক্রিস্ট (কিংস ইলেভেন পাঞ্জাব), জহির খান (রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), কুমার সাঙ্গাকারা (ডেকান চার্জার্স), তিলকরত্নে দিলশান (রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), কেভিন পিটারসেন ( ডেকান চার্জার্স), ড্যানিয়েল ভেট্টরি (রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), রাহুল দ্রাবিড় (রাজস্থান রয়েলস), গ্রায়েম স্মিথ (পুনে), আরপি সিং (কোচি), ব্রেণ্ডন ম্যাককালাম (কোচি), ভিভিএস লক্ষণ (কোচি)। ক্রিকইনফো।