আইপিএলের দীর্ঘশ্বাস ব্রায়ান লারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট অঙ্গনের গতিপ্রকৃতিই এক অর্থে পাল্টে দিয়েছে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ আইপিএল। ২০০৮ সালে শুরু হওয়া এই জনপ্রিয় লিগ এবার প্রবেশ করেছে ষষ্ঠ মৌসুমে। বিশ্বের বাঘা বাঘা সব তারকা ক্রিকেটারকে নিয়ে জমজমাটভাবেই অনুষ্ঠিত হচ্ছে ভারতের এই জনপ্রিয় প্রতিযোগিতাটি। তবে এখন পর্যন্ত আইপিএলে পদার্পণ ঘটেনি ক্রিকেট জগতের অন্যতম আইকন ব্রায়ান লারার। আইপিএলের উদ্যোক্তাদের জন্য এটা হয়তো কিছুটা আফসোসেরই বিষয়। তবে তাঁদের জন্য আশার কথা যে, ভবিষ্যতে হয়তো খেলোয়াড় হিসেবে না হলেও অন্য কোনো ভূমিকায় আইপিএলের সঙ্গে সম্পৃক্ত হতেও পারেন সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। আইপিএলের ষষ্ঠ আসর শুরুর প্রাক্কালে ‘ইন্ডিয়া টুডে’কে দেওয়া এক সাক্ষাত্কারে তেমন ইঙ্গিতই দিয়েছেন ব্রায়ান লারা।বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসরে ব্রায়ান লারা বাংলাদেশে এসেছিলেন চিটাগং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। কিন্তু এখন পর্যন্ত আইপিএলের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত হননি ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ব্যাটসম্যান। এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে ব্রায়ান লারা বলেছেন, ‘ব্যাট হাতে নিলে আমি এখনো চনমনে হয়ে উঠি। কিন্তু এই বয়সে উত্তেজনাপূর্ণ একটা টি-টোয়েন্টি লিগে অংশ নেওয়াটা আমার জন্য কঠিন। আইপিএল যদি আরও কিছুটা আগে, ২০০৪-০৫ সালের দিকে শুরু হতো, তাহলে আমার জন্য খুবই ভালো হতো।’ খেলোয়াড় হিসেবে না হলেও ভবিষ্যতে অন্য কোনো ভূমিকায় আইপিএলে অংশ নেওয়ার সম্ভাবনাটা অবশ্য উড়িয়ে দেননি লারা। তিনি বলেছেন, ‘ক্রিকেটটা আমার রক্তে আছে। আর আমি এই খেলাটার অগ্রগতির জন্য নিশ্চিতভাবেই কাজ করতে চাই। অবসর নেওয়ার ছয় বছর পর এখন আমার মনে হচ্ছে, যদি কেউ আগ্রহ দেখায়, তাহলে আমি এ ধরনের দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত আছি।’২০০৮ সালে আইপিএলের যাত্রা শুরু হওয়ার পর নিশ্চিতভাবেই খানিকটা বদলে গেছে ক্রিকেট দুনিয়া। টি-টোয়েন্টির জনপ্রিয়তা ক্রমাগত বাড়ার পেছনেও বড় অবদান আছে আইপিএলের। অনেকেই মনে করেন, আইপিএলের কারণে ক্রিকেট দুনিয়ায় ভারতের একটা অদৃশ্য আধিপত্য তৈরি হওয়ার সুযোগ হয়েছে। আইপিএল নিজ স্বার্থে ক্রিকেট বিশ্বের ওপর বলপ্রয়োগ করছে কি না, এমন প্রশ্নের জবাবে ব্রায়ান লারা বলেছেন, ‘অদূর ভবিষ্যতে ক্রিকেটে ভারতীয় প্রভাবের মুখোমুখি প্রতিদ্বন্দ্বী হিসেবে কারও দাঁড়ানোর সম্ভাবনা আমি দেখছি না। যা ইচ্ছা, তেমনটাই করার মতো ক্ষমতা ভারতের আছে। এখন তারা এই ক্ষমতা দিয়ে কী কাজ করবে, সেটা তাদের ওপরই নির্ভর করছে।’ ইন্ডিয়া টুডে