আইপিএলের নতুন চ্যাম্পিয়ন মুম্বাই
দাপুটে পারফরমেন্স দেখিয়েই পঞ্চমবারের মতো আইপিএলের ফাইনালে এসেছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। কিন্তু এবারের ষষ্ঠ আসরে শিরোপা জয়ের চূড়ান্ত লড়াইয়ে যেন খুঁজেই পাওয়া গেল না সেই দুর্দান্ত পারফরমেন্সের প্রভাব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ তো অনেক দুরের কথা, ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়ে জয়ের কোনো সম্ভাবনাই জাগাতে পারেনি দলটি।কলকাতার ইডেন গার্ডেনে ২৩ রানের দারুণ এক জয় দিয়ে প্রথমবারের মতো আইপিএল শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ানস। জয়ের জন্য ১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২৫ রানেই থেমে যায় চেন্নাইয়ের ইনিংস। প্রথম ১৩ ওভারের মধ্যে মাত্র ৫৮ রান সংগ্রহ করতেই ৮ উইকেট হারিয়েছিল চেন্নাই। চারজন ব্যাটসম্যান ফিরে গিয়েছিলেন রানের খাতা না খুলেই। হার নিশ্চিত হয়ে যাওয়ার পরও প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন অধিনায়ক ধোনি। তাঁর ৪৫ বলে ৬৩ রানের ইনিংসটির কল্যাণেই হারের ব্যবধান বেশ খানিকটা কমাতে পেরেছে চেন্নাই। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রানের ইনিংসটি এসেছে ওপেনার মুরলি বিজয়ের ব্যাট থেকে।এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভালোভাবে করতে পারেনি শচীন-পন্টিং-রোহিত শর্মাদের মুম্বাই ইন্ডিয়ানস। প্রথম চার ওভারের মধ্যে মাত্র ১৬ রান জমা করতেই সাজঘরে ফেরেন ডোয়াইন স্মিথ, আদিত্য টারে ও অধিনায়ক রোহিত শর্মা। চতুর্থ উইকেটে চাপের মুখে ৩৬ রানের জুটি গড়েন দিনেশ কার্তিক ও আম্বাতি রাইডু। কিন্তু এসময় রানের গতি কমে যায় বেশ খানিকটাই। ১০ম ওভারে ২১ রান করে কার্তিক যখন ফিরে যান তখন তখন দলের সংগ্রহ ছিল ৫২ রান। পঞ্চম উইকেটে ঝোড়ো ব্যাটিং করে ৪৮ রানের জুটি গড়েন রাইডু ও কাইরন পোলার্ড। ১৬তম ওভারে ৩৭ রান করে আউট হন রাইডু। এরপর উইকেটে এসেই তিনটি চার মেরে সংগ্রহটা আরও বড় করার আশা জাগিয়েছিলেন হরভজন সিং। কিন্তু শেষ দুই ওভারে দুর্দান্ত বোলিং করে মুম্বাইকে চাপের মুখে ফেলে দেন ডোয়াইন ব্রাভো ও ক্রিস মরিস। শেষ দুই বলে দুইটি ছয় মেরে মুম্বাইয়ের স্কোরবোর্ডটাকে সম্মানজনক অবস্থায় নিয়ে যান পোলার্ড। ১৪৯ রানের সংগ্রহটা মুম্বাইয়ের জয়ের আশাটাও অনেক বাড়িয়ে দিয়েছে। মাত্র ৩২ বলে ৬০ রান করে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন পোলার্ড ২০১০ সালে তৃতীয় আসরে মুম্বাই ইন্ডিয়ানসকে ২২ রানে হারিয়ে প্রথমবারের মতো আইপিএল শিরোপা জিতেছিল চেন্নাই সুপার কিংস। এবার সেই দলের বিপক্ষে জয় দিয়েই আইপিএলে নিজেদের শ্রেষ্ঠত্ব ঘোষণা করল মুম্বাই। স্পট ফিক্সিং ডামাডোলের মধ্যে আইপিএলের এবারের ফাইনালে অংশ নিয়েছিল চেন্নাই। দুই দিন আগেই ম্যাচ পাতানোর অভিযোগ মাথায় নিয়ে মুম্বাই পুলিশের হাতেই গ্রেপ্তার হয়েছেন দলটির প্রধান গুরুনাথ মায়াপ্পন।