আইপিএলের নতুন স্পনসরেও চীনের ছায়া
চীনবিরোধী মনোভাব তুঙ্গে ওঠায় আইপিএলের টাইটেল স্পনসর ভিভো এবার থাকছে না। আগামী সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় নতুন আসরের জন্য এরই মধ্যে নতুন টাইটেল স্পনসরও খুঁজে বের করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু সেই নতুন স্পনসরেও চীনের ‘ছোঁয়া’ আছে বলে জানিয়েছে মুম্বাইভিত্তিক একটি ওয়েবসাইট।
তবে ভারতীয় পত্রিকা টাইমস অব ইন্ডিয়ার বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ড্রিম ইলেভেনে চীনা অংশীদারত্ব যা আছে সেটিকে নগন্য বলেই মনে করে বিসিসিআই। তারা মনে করে, এটা যদি কোনো সমস্যা তৈরি করে, তাহলে আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব।
চীনবিরোধী মনোভাব তুঙ্গে ওঠায় ভারতের কেন্দ্রীয় সরকার এরই মধ্যে চীনের কয়েকট স্মার্টফোন অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। চীনের সঙ্গে ব্যবসায়–বাণিজ্য নিয়ন্ত্রণেও বিভিন্ন ব্যবস্থা হাতে নেওয়া হচ্ছে।
গত ২৯ মার্চ থেকে আইপিএল শুরু হওয়ার কথা থাকলেও করোনাভাইরানের প্রাদুর্ভাবের কারণে সেটি হতে পারেনি। আইপিএল দুনিয়ার অন্যতম অর্থকরী একটি প্রতিযোগিতা। টেলিভিশন সম্প্রচারের হিসাব ধরলে আইপিএল বিশ্বের অন্যতম লোভনীয় টুর্নামেন্ট। যে পাঁচটি ইভেন্ট এ মুহূর্তে টেলিভিশন সম্প্রচারকদের কাছে সবচেয়ে বেশি আরাধ্য, তার একটি আইপিএল। বিসিসিআইয়ের আয়ের বড় অংশই আসে আইপিএল থেকে। করোনার কারণে আইপিএল না হলে প্রায় ৪ হাজার কোটি রুপি লোকসান গুনতে হতো বিসিসিআইকে। আমিরাতে আয়োজিত এ মৌসুমের আইপিএল আয়ের অঙ্ক যে অনেকটাই কমে যাচ্ছে, সেটি বলাই বাহুল্য।