আইপিএলের পঞ্চম আসর আজ শুরু
দু ঘণ্টার জমকালো অনুষ্ঠান দিয়ে পর্দা উঠল আইপিএলের পঞ্চম আসরের। চেন্নাইয়ের ওয়াইএমসিএ স্টেডিয়ামে জনপ্রিয় বলিউড তারকাদের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়েছেন কেটি পেরির মতো আন্তর্জাতিক তারকাও। মাঠের খেলা শুরু আজ। চেন্নাইয়েরই আরেক মাঠ চিদাম্বরম স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই এবারও হট ফেবারিট। আর শচীন টেন্ডুলকার দায়িত্ব ছাড়ায় মুম্বাই নামছে নতুন অধিনায়ক হরভজন সিংয়ের নেতৃত্বে।বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি থাকবে অবশ্য আগামীকালের ম্যাচে। ইডেন গার্ডেনে দিল্লি ডেয়ার ডেভিলসের মুখোমুখি হবে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হতে পারবে কি না, নাকি দেখা যাবে নতুন কোনো চ্যাম্পিয়ন, নাকি প্রথম আসরের রাজস্থান রয়্যালসের মতো চমক দেখাবে কোনো দল—এসব নিয়ে মাথাব্যথা কমই আছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। দৃষ্টি থাকবে মূলত সাকিব ও তামিম ইকবাল ও তাঁদের দলের পারফরম্যান্সের দিকেই। সাকিবের কারণে গতবার বাড়তি আগ্রহ ছিল আইপিএল ও কলকাতা নাইট রাইডার্স নিয়ে। এবার তা থাকবে তামিম ও পুনে ওয়ারিয়র্স নিয়েও। গত আসরে ৭ ম্যাচে ওভারপ্রতি মাত্র ৬.৮৬ রান দিয়ে ১১ উইকেট নিয়েছিলেন সাকিব। পুনের প্রথম ম্যাচ আগামী পরশু।শর্তভঙ্গের জন্য কোচি টাস্কার্স কেরালাকে বাদ দেওয়ায় দল এবার ৯টি। প্রাথমিক পর্বে সব দল একে অন্যের মুখোমুখি হবে দুবার করে। ৭২ ম্যাচের প্রাথমিক পর্ব শেষ হবে ২০ মে। এবারও সেমিফাইনালের বদলে ফাইনালে ওঠার জন্য থাকছে দুটি কোয়ালিফাইয়ার ও একটি এলিমিনেটর ম্যাচ। প্রাথমিক পর্বের শীর্ষ দুই দল মুখোমুখি হবে কোয়ালিফাইয়ার-১-এ। জয়ী দল সরাসরি উঠে যাবে ফাইনালে, পরাজিত দলের জন্য থাকবে আরেকটি সুযোগ। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দু দল মুখোমুখি হবে এলিমিনেটরে। এই ম্যাচে হেরে যাওয়া দল বাদ, জয়ী দল কোয়ালিফাইয়ার-২-এ মুখোমুখি হবে কোয়ালিফাইয়ার-১-এর পরাজিত দলের সঙ্গে। জয়ী দল ফাইনালে সঙ্গী হবে কোয়ালিফাইয়ার-১ জয়ীর। ২৭ মে ফাইনাল হবে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামেই। ওয়েবসাইট।