আইপিএলের বলি রানাতুঙ্গা!
জলে নেমে কুমিরের সঙ্গে লড়াই করতে চেয়েছিলেন অর্জুনা রানাতুঙ্গা। আইপিএল নিয়ে বিবাদে জড়িয়েছিলেন টাকার কুমির ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে। ফল যা হওয়ার তা-ই হয়েছিল, শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ককে ২০০৮ সালে ছাড়তে হয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধানের পদ। তখন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চাপেই শ্রীলঙ্কার সরকার বরখাস্ত করেছিল রানাতুঙ্গাকে। শ্রীলঙ্কার বহুল প্রচারিত পত্রিকা দি আইল্যান্ড কাল প্রকাশ করেছে অনুসন্ধানী এক প্রতিবেদন। তাতেই দাবি করা হয়েছে এটা। তবে এ নিয়ে রানাতুঙ্গার কোনো মন্তব্য পাওয়া যায়নি।পত্রিকাটি বলছে, ২০০৮ সালে শ্রীলঙ্কাকে ইংল্যান্ড সফরের আমন্ত্রণ জানিয়েছিল ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি)। কিন্তু ২০০৯ সালের জন্য প্রস্তাবিত ওই সফরের সঙ্গে মিলে গিয়েছিল আইপিএলের দ্বিতীয় আসরের সময়সূচি। রানাতুঙ্গা খেলোয়াড়দের অনুরোধ করেছিলেন, ইংল্যান্ড সফরে যাওয়ার জন্য তাঁরা যেন একটু আগেভাগেই আইপিএল ছেড়ে আসেন। ক্রিকেটাররা মানতে রাজি হননি এই প্রস্তাব। রানাতুঙ্গাও গোঁ ধরে বসেন। আর তখনই বিসিসিআই শ্রীলঙ্কান ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তিকে ডেকে আলোচনার জন্য পাঠায় ব্যাংককে।২০০৮ সালের অক্টোবরের ওই বৈঠকে বিসিসিআইয়ের প্রতিনিধি ছিলেন বরখাস্ত হওয়া আইপিএল কমিশনার ললিত মোদি, বর্তমান সভাপতি এন শ্রীনিবাসন ও তৎকালীন সম্পাদক নিরঞ্জন শাহ। দি আইল্যান্ড-এর দাবি, ওই বৈঠকে ভারতীয়রা শ্রীলঙ্কান প্রতিনিধিদলকে হুমকি দেয়। ভারতীয়দের কথা না শোনার পরিণতি যে ভালো হবে না, জানিয়ে দেওয়া হয় সেটাও। দুই ঘণ্টার ওই বৈঠকে এসএলসিকে সাবধানবাণী শুনিয়ে বলা হয়, কথা না শুনলে ভারতীয়রা প্রস্তাবিত শ্রীলঙ্কা সফরে নাও যেতে পারে।আর ওই বৈঠকের কয়েক সপ্তাহের মধ্যেই শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী এসএলসি থেকে সরিয়ে দেন রানাতুঙ্গাকে। ওই সময়ের সরকারি দলের সাংসদ রানাতুঙ্গা এখন বিরোধী দলে। তবে সুযোগ পেলে এখনো মাঝেমধ্যে আইপিএলকে ধুয়ে দিতে তিনি ভুল করেন না। ওয়েবসাইট।