আইপিএলের বিকল্প ভেন্যু বাংলাদেশ!
আইপিএলের পরের আসর বসবে আগামী এপ্রিল-মেতে। কিন্তু ওই সময়ই হবে ভারতের জাতীয় নির্বাচন। সে জন্য বিকল্প ভেন্যুর সন্ধানে আছে আইপিএলের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ (আইএমজি)। আর এই বিকল্প ভেন্যুর তালিকায় আছে বাংলাদেশও।
বিকল্প ভেন্যু হিসেবে বাংলাদেশ কেমন হবে, সেটা দেখতে কালই ঢাকায় এসে পৌঁছেছেন আইএমজির দুই প্রতিনিধি। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন তাঁরা। আজ আসবেন চট্টগ্রামে। আর আগামীকাল পরিদর্শন করবেন ফতুল্লা স্টেডিয়াম। কাল টেলিফোনে আইএমজি প্রতিনিধিদের বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির গ্রাউন্ড কমিটির ম্যানেজার সৈয়দ আবদুল বাতেন, ‘আইএমজি প্রতিনিধিরা আজ (কাল) মিরপুর স্টেডিয়াম দেখেছেন। আরও দুটি ভেন্যু দেখে তাঁরা আগামী পরশু (কাল) বাংলাদেশ ত্যাগ করবেন।’
এর আগে জাতীয় নির্বাচনের কারণে ২০০৯ সালের আইপিএল হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। এবার বাংলাদেশ ছাড়াও আইপিএলের সম্ভাব্য বিকল্প ভেন্যুর তালিকায় আছে আরও কয়েকটি দেশ।