আইভরিকোস্টকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে কলম্বিয়া

রাদামেল ফ্যালকাও নেই। তাতে কী! কলম্বিয়া ছুটছে দুরন্ত গতিতেই। ফ্যালকাওয়ের অনুপস্থিতিতি টের পেতে দিচ্ছেন না জেমস রদ্রিগেজ। কলম্বিয়ার এ প্লে-মেকার ভালদেরামার যোগ্য উত্তরসূরি—সেটি জানান দিলেন আজও। টানা দুই ম্যাচে গোল করলেন মোনাকোর উইঙ্গার। আইভরিকোস্টকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পা রাখল কলম্বিয়া।
কলম্বিয়ার গতি আজও অব্যাহত থাকল। ৬৪ মিনিটে গোলের খাতা খুললেন রদ্রিগেজ। হুয়ান কুয়াদ্রাদোর কর্নারে অসাধারণ এক হেডে রদ্রিগেজ বল জড়িয়ে দিলেন জালে। ছয় মিনিট পরে দলকে এগিয়ে নিলেন ‘সুপার সাব’ হুয়ান কিনতেরো। কলম্বিয়ার লক্ষ্যে ছিল ৮টি শট। পাঁচ কর্নারের একটিতে গোল আদায় করে নিয়েছেন হোসে পেকারম্যানের ছাত্ররা। ২০০৬ বিশ্বকাপে এই আইভরিকোস্টের বিপক্ষে মাঠে নেমেছিল পেকারম্যানের আর্জেন্টিনা। সে ম্যাচে আর্জেন্টিনা জিতেছিল ২-১ ব্যবধানে। কী অদ্ভুত মিল—আট বছর পর পেকারম্যানের কলম্বিয়াও ‘আফ্রিকার হাতি’দের হারাল ২-১ ব্যবধানে!
ম্যাচে আইভরিকোস্টের দাপটও ছিল লক্ষ্যণীয়। বল দখলে ছিল ৫৫ শতাংশ। লক্ষ্যে শট নিল কলম্বিয়ার চেয়েও বেশি—১১টি। কয়েকবার সাঁড়াশি আক্রমণ করেও ভালো ফিনিশিংয়ের অভাবে সব ব্যর্থ! ৭৩ মিনিটে আর্থার বোকার পাসে বক্সে ঢুকে অনেকটা একক প্রচেষ্টায় তিন কলম্বিয়ান ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ এক গোল দিলেন রোমার ফরোয়ার্ড জেরভিনহো। তবুও শেষ রক্ষা হলো না। পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হলো আফ্রিকার হাতিদের। দিদেয়ের দ্রগবাকে অবশ্য প্রথমার্ধে বেঞ্চে বসিয়ে রাখলেন সাবরি লামুশি। ৬০ মিনিটে নেমেও কিছু করতে পারলেন না এ ফরোয়ার্ড।