আইভরিকোস্টের কাছে প্রান্দেল্লির ইতালির হার
বিশ্বকাপে চরম ব্যর্থতাকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া হলো না প্রান্দেল্লির। তাঁর তত্ত্বাবধানে প্রথম পরীক্ষাতেই গতকাল মঙ্গলবার আইভরিকোস্টের কাছে ১-০ গোলে হেরে গেছে ইতালি!সাবেক ফিওরেন্টিনা কোচ সিজারে প্রান্দেল্লির নাম মার্সেলো লিপ্পির উত্তরসূরি হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল বিশ্বকাপ শুরুর আগেই। বিশ্বকাপে ইতালির চরম ব্যর্থতার পর দায়িত্ব নিয়ে দলকে নতুন করে সাজিয়েছেন প্রান্দেল্লি; বিশ্বকাপে অংশ নেওয়া ফুটবলারদের মধ্যে মাত্র নয়জনকে দলে রেখেছেন। নতুন কোচ ভরসা রেখেছেন তারুণ্যের ওপর—স্বপ্ন দেখছিলেন বিশ্বকাপের ব্যর্থতাকে পেছনে ফেলে নতুনদের নিয়ে নতুন করে শুরু করার। কিন্তু সেই স্বপ্ন হতাশায় ঢেকে গেছে প্রান্দেল্লির।ম্যাচের শুরুটা ভালোই হয়েছিল ইতালির, প্রথমার্ধে ফুটবলাররা খেলেছেন দুর্দান্ত। কিন্তু সেই ভালো আর শেষ পর্যন্ত থাকেনি। প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই, দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় গোল করে আইভরিকোস্টকে এগিয়ে দেন ডিফেন্ডার কোলো তোরে। ম্যাচের ৫৫ মিনিটে করা সেই গোল আর শোধ করতে পারেননি ইতালির ফুটবলাররা। বিশ্বকাপের পর সভেন গোরান এরিকসনের জায়গায় আইভরিকোস্টের দায়িত্ব নেওয়া জেরার্ড গিলির অভিষেকটা ভালোই হলো, অন্যদিকে হার দিয়ে শুরু হলো ইতালির প্রান্দেল্লি যুগ!