আইভরিকোস্টের কাছে হারল ‘নতুন’ ইতালি
মার্সেল্লো লিপ্পি ইতালিকে যেখানে রেখে গিয়েছিলেন, সিজারে প্রান্দেল্লির শুরুটা হলো যেন সেখান থেকেই। পরশু আইভরিকোস্টের কাছে প্রীতি ম্যাচে ০-১ গোলে হেরে গেছে তাঁর দল। দ্বিতীয়ার্ধে আইভরিকোস্টের জয়সূচক গোলটি করেছেন কোলো তোরে।ইতালি আর আইভরিকোস্ট দুটি দেশই ব্যর্থ হয়েছে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে। তবে আইভরিকোস্টের সঙ্গে ইতালির ব্যর্থতাকে মেলানো যায় না। চারবারের চ্যাম্পিয়ন ইতালি গিয়েছিল শিরোপা ধরে রাখতে, কিন্তু বিদায় নেয় তারা প্রথম রাউন্ডেই। ব্যর্থতা ভুলে নতুন করে শুরু করার প্রতিশ্রুতি ছিল দুটি দেশেরই। ইতালির লক্ষ্য আপাতত ২০১২ ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের বৈতরণী পার হওয়া। আর আইভরিকোস্ট চায় ২০১২ আফ্রিকান নেশনস কাপে জায়গা পেতে। আইভরিকোস্ট ম্যাচ জিতে দেখাল ঠিক পথেই আছে তারা। কিন্তু সঠিক রাস্তাটা খুঁজে পেতে কত দেরি ইতালির?বিশ্বকাপে খেলা বয়সী খেলোয়াড়দের না ডেকে তরুণ একটি পরীক্ষামূলক দলই গড়েছিলেন ইতালি কোচ প্রান্দেল্লি। দলে রেখেছেন মারিও বালোতেল্লি ও আন্তোনিও কাসানোকে। তবে তাঁর তরুণ দল নজর কাড়তে পারল কই! নিরপেক্ষ ভেন্যু ইংল্যান্ডের আপটন পার্কে খেলা এই ম্যাচে ইতালির তরুণ দলের ওপর ছড়ি ঘুরিয়েছে আইভরিকোস্টের অভিজ্ঞ দলই। আইভরিকোস্টের ভারপ্রাপ্ত কোচ ফ্রাঙ্কোইস জাহোই বিশ্বকাপে উত্তর কোরিয়াকে হারানো দলটিকেই রেখে দিয়েছিলেন। তবে দেশের সবচেয়ে বড় তারকা দিদিয়ের দ্রগবাকে পাননি তিনি। কুঁচকির চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি তিনি। তবে দ্রগবাবিহীন আইভরিকোস্টই তাঁকে এনে দিয়েছে পরাশক্তি ইতালির বিপক্ষে জয়। তিনি তো মহাখুশি, ‘ইতালিকে হারিয়ে আমি খুব গর্বিত।’ইতালির পত্রপত্রিকায় অবশ্য দলের হেরে যাওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। কিছু পত্রিকায় ইতালির পরাজয়ে করেছে কঠোর সমালোচনা। তবে বেশির ভাগ পত্রিকাই তরুণ দলটির টিম স্পিরিটের প্রশংসাই করেছে। এই যেমন লা গাজেত্তা দেল্লো স্পোর্ত লিখেছে, ‘প্রান্দেল্লি তাঁর অভিষেকেই হেরে গেছেন, তবে দলের স্পিরিটটা ছিল দারুণ। ইতালিকে গড়ে ওঠার সময় দিতে হবে।’ এএফপি।