আইভরিকোস্টের প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনের আরেকটি সোনা জয় মুহূর্তের ব্যাপার বলেই মনে হচ্ছিল। শেষ সেকেন্ডের আচমকা এক লাথিতে সেই সোনা কেড়ে নিলেন শেইক সাল্লাহ সিসে। এক কিকেই তিনি পান ৪ পয়েন্ট। পুরুষ তায়কোয়ান্দোর ৮০ কেজি শ্রেণিতে ৮-৬ পয়েন্টে লুটালো মুহাম্মদকে হারিয়ে জিতে গেলেন সিসে। অলিম্পিকে আইভরিকোস্টের প্রথম সোনা এটি, অলিম্পিকেই দেশটির দ্বিতীয় পদক। ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস গেমস ছেলেদের ৪০০ মিটারে রুপা জিতেছিলেন গ্যাব্রিয়েল টিয়াকোহ। এরপর আইভরিকোস্টের হয়ে আর কোনো অ্যাথলেট অলিম্পিকে কোনো পদক জেতেননি। সে দুঃখ সোনা দিয়েই ঘোচালেন সিসে, ‘আমার স্বপ্নকে সাহস ও আবেগ দিয়ে বাস্তবে রূপ দিয়েছি আমি।’ পরশু দিনটিই পয়া ছিল আইভরিকোস্টের জন্য। সিসের পর মেয়েদের ৬৭ কেজি শ্রেণিতে ব্রোঞ্জ জিতেছেন রুথ বাগবি। ৫২ বছরে মাত্র ১টি পদক পাওয়া আইভরিকোস্ট এক রাতেই পেয়ে গেল ২টি পদক। এএফপি।