আইভরিয়ানদের প্রেরণা দ্রগবা

তিন মিনিটের ছোট্ট ঝড়। আর তাতেই সলিলসমাধি ঘটল জাপানি স্বপ্নের। কেইসুকে হোন্ডার গোলে এগিয়ে থেকেও এশিয়ান চ্যাম্পিয়নদের আইভরিকোস্টের বিপক্ষে ম্যাচ শেষে তাই ফিরতে হলো খালি হাতে।
অথচ শুরুটা স্বপ্নের মতোই ছিল সূর্যোদয়ের দেশের জন্য। ১৬ মিনিটের মাথায় বক্সের বাইরে বল পেয়ে বাঁ পায়ের দুর্দান্ত শটে হোন্ডা যখন পরাস্ত করেন গোলরক্ষক বুবাকার ব্যারিকে, দিদিয়ের দ্রগবাকে মূল একাদশে না-রাখা কোচ সাবরি লামুশির কপালের ভাঁজ বেড়ে যাচ্ছিল। সোয়ানসি স্ট্রাইকার উইলফ্রিড বনি গোল মিসের মহড়ায় না নামলে ম্যাচে আগেই ফিরে আসত আইভরিয়ানরা। তবে ৬২ মিনিটে দ্রগবার মাঠে নামা বদলে দেয় খেলার রং।
৬৪ মিনিটে সার্জে ওরিয়ের ক্রসে মাথা ছুঁইয়ে সমতা ফেরান বনি, প্রায়শ্চিত্ত করেন আগের ভুলগুলোর। আর এর দুই মিনিটের মাথায় সেই ওরিয়ের ক্রস থেকেই হেড করে জয়সূচক গোল করেন সাবেক আর্সেনাল স্ট্রাইকার জেরভিনহো।
এই পরাজয়ের ফলে গ্রুপ ‘সি’ থেকে দ্বিতীয় রাউন্ডে ওঠা অনেকটাই কঠিন হয়ে গেল জাপানের জন্য। নিজেদের প্রথম ম্যাচ জিতে আইভরিকোস্ট আর কলম্বিয়া দুই দলই হাতে জমিয়েছে ৩ পয়েন্ট করে।