আইরিশদের আরেকটি শিকার

১৭ মার্চ। সেন্ট প্যাট্রিকস ডে। আইরিশদের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ দিন। শুধু ধর্মীয় নয়, দিবসটির সামাজিক গুরুত্বও কম নয় আয়ারল্যান্ডজুড়ে। সরকারি ছুটির এই দিনে নানা উৎসবে মেতে থাকা আইরিশরা আনন্দের আরেকটি উপলক্ষও পেয়ে গেছে। দেশটির ক্রিকেট দল যে আবারও ক্রিকেট বিশ্বকে চমকে দিল এই সেন্ট প্যাট্রিকস দিবসেই।
২০০৭ সালের এই দিনেই কিংস্টনে পাকিস্তানকে হারিয়েছিল আয়ারল্যান্ড। আইরিশদের কাছে ওই হারেই ওয়ানডে বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বিদায় ঘণ্টা বেজেছিল পাকিস্তানের। সাত বছর পর সেই ১৭ মার্চেই আরেকটি বিশ্বকাপে আরেকটি টেস্ট খেলুড়ে দেশের বিদায় ঘণ্টা প্রায় বাজিয়েই দিল আয়ারল্যান্ড। শিকার এবার জিম্বাবুয়ে। শেষ বলে পাওয়া ৩ উইকেটের জয়, টি-টোয়েন্টি রুদ্ধশ্বাস রোমাঞ্চই সিলেটবাসীকে উপহার দিল আয়ারল্যান্ড।
টি-টোয়েন্টি মানেই ক্ষণে ক্ষণে বদলে যাওয়া ম্যাচের গতি-প্রকৃতি। সিলেটের প্রথম ম্যাচটি তাই দারুণ এক বিজ্ঞাপন ২০ ওভারের ক্রিকেটের। ১৬৪ রানের লক্ষ্য, ইনিংসের অর্ধেক না পেরোতেই আইরিশরা তুলে ফেলেছিল ৯৯ রান। সেটাও মাত্র ১ উইকেট হারিয়ে। এর ৬০ রানই করেছেন পল স্টার্লিং, সেটিও ৩৪ বলে। এরপরই খেই হারাল দলটি। প্রথম ওভারে ১৮ রান দিলেন যে তিনাশে পানিয়াঙ্গারা সেই বোলারই প্রান্ত বদলে পঞ্চদশ ওভারটা শুধু মেডেনই করলেন না, তুলে নিলেন দু-দুটি উইকেট। জিম্বাবুয়ে অধিনায়ক আবারও প্রান্ত বদলালেন পানিয়াঙ্গারাকে। পুরোনো প্রান্তে এবার ১৬ রান এল এই পেসারের করা ১৮তম ওভার থেকে। ১২ বলে মাত্র ৭ রান দরকার আয়ারল্যান্ডের। টেন্ডাই চাতারার পরের ওভারে ৩ রান। একটি মাত্র বাউন্ডারির দূরত্বে দাঁড়িয়ে শেষ ওভারটা শুরু করা আয়ারল্যান্ড আরও দুই উইকেট হারিয়ে ম্যাচটা নিয়ে গেল শেষ বলে। পানিয়াঙ্গারার করা বলটা ব্যাটে-বলে করতে না পারলেও পড়িমড়ি দৌড়ে এক রান নিয়েই উল্লাসে মাতলেন অ্যালেক্স কুসাক।
এর আগে প্রথম ছয় ওভারেই ৬১ রান তুলে জিম্বাবুয়ে ইঙ্গিত দিয়েছিল ১৮০-এর বেশি রান তুলে ফেলার। কিন্তু মাঝপথে পা হড়কানো দলটি যে শেষ পর্যন্ত ১৬৩ রান করতে পারল, সেটাই অনেক। এই হারে চূড়ান্ত পর্বের স্বপ্ন বলতে গেলে শেষই হয়ে গেল জিম্বাবুয়ের।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৬৩/৫ (মাসাকাদজা ২১, রাজা ১০, টেলর ৫৯, উইলিয়ামস ১৬, সিবান্দা ১৬, চিগুম্বুরা ২২*, মারুমা ১৩*; ডকরেল ২/১৮, ম্যাকব্রাইন ২/২৬, কুসাক ১/৫৩, সরেনসন ০/১১, স্টার্লিং ০/২৪, কেভিন ও’ব্রায়েন ০/২৬)।
আয়ারল্যান্ড: ২০ ওভারে ১৬৪/৭ (পোর্টারফিল্ড ৩১, স্টার্লিং ৬০, জয়েস ২২, পয়েন্টার ২৩, উইলসন ০, কেভিন ও’ব্রায়েন ১৭, টম্পসন ৩*, সরেনসন ০, কুসাক ০*; পানিয়াঙ্গারা ৪/৩৭, চাতারা ১/২০, উইলিয়ামস ১/২৭, কামুনগোজি ০/১৭, মাসাকাদজা ০/২০, উতসেয়া ০/৩৮)।
ফল: আয়ারল্যান্ড ৩ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: পল স্টার্লিং।